শ্রমিককল্যাণ নিশ্চিত করে ব্যবসা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর গত চার বছরে বাংলাদেশের পোশাকশ্রমিকদের অধিকার নিয়ে নানা আলোচনা ও উদ্যোগের কথা শোনা গেছে। কিন্তু বাস্তবে পোশাকশ্রমিকদের জীবনমান খুব একটা বদলায়নি।
সাভারের রানা প্লাজা ধসের চার বছর উপলক্ষে গত সোমবার পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এই অভিযোগ করেন। তাঁরা শ্রমিক কল্যাণ নিশ্চিত করে ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আদায়ে কাজ করা সংগঠন ‘ওয়ার অন ওয়ান্ট’ ওই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘উইমেন আর দ্য রেজিসটেন্স’ (‘নারী প্রতিরোধের শক্তি’)। এতে বাংলাদেশের পোশাকশ্রমিকদের হালনাগাদ চিত্র তুলে ধরে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। আর ছিল নারী শ্রমিকদের জীবনসংগ্রামের গল্পসংবলিত ছবি প্রদর্শনী।
সূচনা বক্তব্যে ওয়ার অন ওয়ান্টের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা ঠুলসি নারায়নাসামী বলেন, রানা প্লাজা দুর্ঘটনা বাংলাদেশে পোশাকশ্রমিকদের অধিকার প্রশ্নে বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল। কিন্তু শ্রমিকদের কর্মপরিবেশের মান খুব একটা বদলায়নি। তিনি বলেন, অনেক কারখানায় শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ দেওয়া হচ্ছে না। যারা ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের নানা কায়দায় মালিকেরা হয়রানি করেন। তিনি বলেন, শ্রমিক অধিকার আদায়ে ইউনিয়নের কোনো বিকল্প নেই। এ জন্য ব্যবসায়ী ও সরকারের সদিচ্ছা জরুরি।
পোশাক ব্র্যান্ডগুলোকে শ্রমিক কল্যাণে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, পশ্চিমা ক্রেতাদের সস্তায় পোশাক কেনার আগে শ্রমিকদের বিষয়টি ভাবতে হবে। অনুষ্ঠানে পোশাকশ্রমিকদের সন্তানদের দৈনন্দিন জীবন নিয়ে পাঁচটি ভিডিও চিত্র প্রদর্শন করে রেইনবো কালেকটিভ নামের একটি প্রতিষ্ঠান।