শ্রমিকদের অধিকার আদায়ে নতুন উদ্যোগ নিয়েছে আইএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কর্মস্থলে পোশাকশ্রমিকদের অধিকার আদায়ের বিষয়টি আরও উন্নত করতে নতুন একটি উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এই উদ্যোগের আরেকটি লক্ষ্য হচ্ছে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যকার সম্পর্ক আরও উন্নত করা। এ জন্য সুইডিশ সরকার ৫৪ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় চলতি সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে এক চুক্তির মাধ্যমে উদ্যোগটির যাত্রা শুরু হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিন, আইএলওর মহাপরিচালক গাই রাইডার ও বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। এ সময় উপস্থিত ছিলেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আইএলওর বাংলাদেশ কার্যালয় গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, ‘প্রমোটিং সোশ্যাল ডায়ালগ অ্যান্ড হারমোনিয়াস ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন দ্য বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ নামের এই উদ্যোগটির কার্যক্রম চলতি বছরের নভেম্বরে শুরু হবে। চলবে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। এ জন্য সুইডেন ৫৪ লাখ মার্কিন ডলার দেবে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪৩ কোটি ২০ লাখ টাকা।

নতুন এই প্রকল্পটি আইএলও এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর সমন্বয় করবে। প্রকল্পটি বাস্তবায়নের কাজ করবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, ন্যাশনাল কো-অর্ডিনেশন কাউন্সিল ফর ওয়ার্কার এডুকেশন (এনসিসিডব্লিউই), ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। একই সঙ্গে প্রকল্পে আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান ও শ্রম সংগঠনের সম্পৃক্ততা থাকবে।

আইএলও জানায়, নতুন এই উদ্যোগে পোশাকশ্রমিক ও কর্মকর্তার মধ্যে সংলাপের আয়োজনের মধ্য দিয়ে কারখানা পর্যায়ে শ্রম সম্পর্ক ভালো বা উন্নত করা হবে। এ ছাড়া দর-কষাকষি ও বিরোধ নিষ্পত্তির জন্য শ্রমিকদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে এই সংলাপ।