শ্রমিকদের ঈদের আগে বিক্ষোভ না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে পোশাকশ্রমিকেরা যাতে ঠিকমতো বেতন-ভাতা পান, তার নিশ্চয়তা চেয়েছেন শ্রমিকনেতারা। আর মালিক নেতারা সরকারের কাছে শিল্পের নিরাপত্তা চেয়েছেন। তাঁরা ঈদের আগে কোনো অজুহাতে শ্রমিকদের বিক্ষোভ না করারও আহ্বান জানিয়েছেন।অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান কোনো দাবি-দাওয়া নিয়ে ভাঙচুর শুরু না করার আহ্বান জানান। তিনি বলেন, বেতন-বোনাসের জন্য ভাঙচুর করলে শ্রমিকদের ক্ষতিই বেশি। তা ছাড়া শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে।বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি-বিজিএমইএ আয়োজিত রপ্তানি পোশাকশিল্পে বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় গতকাল রোববার এসব মতামত উঠে আসে।শ্রম প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এ খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। মন্নুজান সুফিয়ান একই সঙ্গে মালিকদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতেও আইনশৃঙ্খলা রক্ষাকারীদের পরামর্শ দেন।ব্যবসায়ীরা বলেন, ঈদ সামনে রেখে বোনাস নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। অথচ সরকারের বেতনকাঠামোতে বোনাসের বিষয়টি নেই। বোনাস বিষয়ে সরকার কোনো কাঠামো নির্ধারণ করলে তা মেনে নিতে আগ্রহ দেখান তাঁরা।বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বর্তমানে সারা বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। গত তিন-চার মাসে পোশাক খাতে কাজের পরিস্থিতিও খারাপ পর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করতে সবার সহযোগিতা প্রয়োজন। শ্রম ও কর্মসংস্থান-সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ইসরাফিল আলম বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। তাই শিল্পকে সঠিকভাবে পরিচালিত করতে সবার সহযোগিতা দরকার। সভায় জানানো হয়, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা সুষ্ঠুভাবে দিতে সরকার ও বিজিএমইএ সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়েছে। ঢাকা ও আশপাশের প্রায় তিন হাজার পোশাক কারখানার জন্য ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জকে নয়টি জোনে ভাগ করে শিল্প মালিক, বিজিএমইএর পরিচালক ও কর্মকর্তাদের নিয়ে নয়টি আঞ্চলিক বা এলাকাভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে ‘ক্রাইসিস কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে বিজিএমইএ অফিসে সমন্বয় সেল খোলা হয়েছে। এতে পুলিশের দুজন ও গোয়েন্দা সংস্থার একজন প্রতিনিধি সার্বক্ষণিকভাবে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।