তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে নিহত ও আহত পোশাকশ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে ইউরোপীয় ক্রেতাদের দুই দিনব্যাপী বৈঠক সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে।
গতকাল বুধবার শুরু হওয়া বৈঠকে মাত্র ১২টি ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশনিলেও ওয়ালমার্ট, বেনেটন, ম্যাঙ্গোসহ ২০টি ব্র্যান্ডের প্রতিনিধিরা আসেননি।
ক্ষতিপূরণ তহবিলের সংগঠক ও আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। গতকালের বৈঠকে সিঅ্যান্ডএ, প্রাইমার্ক অংশ নিলেও ওয়ালমার্ট, ম্যাঙ্গোর মতো বড় বড় ক্রেতারা যোগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিবিসি একটি সংবাদ প্রকাশ করে।
শ্রমিক ও বেসরকারি সংস্থাগুলোর সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন (সিসিসি) ওয়েবসাইট সূত্রে জানা যায়, গতকাল তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে অংশ নেয় সিঅ্যান্ডএ, এল কর্টি ইনগেলস ও কার্ল রিকার। আর আজকের বৈঠকে রানা প্লাজা ধসের ক্ষতিপূরণ নিয়ে বোনমার্চি, ক্যামাইউ, এল কর্টি ইনগেলস, ইনডিটেক্স, কিক, লবলো, মাসকট, প্রাইমার্ক ও স্টোর টুয়েন্টি ওয়ান ব্র্যান্ডের প্রতিনিধিরা আলোচনা করবেন। অবশ্য সিসিসি গত মঙ্গলবারই এক বিবৃতিতে জানিয়ে দেয় যে ওয়ালমার্ট, বেনেটন, ম্যাঙ্গোসহ ২০টি ব্র্যান্ড সভায় অংশ নিচ্ছে না।
এ বিষয়ে সিসিসির ইনকা জেল্ডেনরাস্ট বলেছিলেন, হতাহত পোশাকশ্রমিকদের পরিবার এখনো সংগ্রাম করে চলেছে। তাদের দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণ নিয়ে আলোচনার জন্য জেনেভার সভাটি গুরুত্বপূর্ণ। ওয়ালমার্ট, ম্যাঙ্গো ও বেনেটনের মতো ক্রেতাদের জন্যই পোশাকশ্রমিকেরা ওই কারখানা দুটিতে কাজ করেছিলেন। যেহেতু এসব ব্র্যান্ডের কাজ করতে গিয়ে শ্রমিকেরা চাকরি হারিয়েছেন, আহত ও জীবন দিয়েছেন তাই তাঁদের দায়িত্ব নেওয়া উচিত।
সিসিসি জানায়, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণের বিষয় নিয়ে আলোচনা হবে। যত দ্রুত সম্ভব শ্রমিকদের কাছে তা পৌঁছে দেওয়া যায়, সেটিও আলোচনায় স্থান পাবে।