শ্রমিকদের চার মাসের বেতন দেবে অ্যালায়েন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের জন্য বন্ধ হওয়া ঝুঁকিপূর্ণ পোশাক কারখানার শ্রমিকদের ক্ষতিপূরণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স। ১০ জুলাই এই ঘোষণা দেওয়ার আগে ক্ষতিপূরণ বাবদ শ্রমিকেরা দুই মাসের বেতন পেতেন। আর এখন পাবেন চার মাসের।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলতি মাসের শুরুর দিকে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির বার্ষিক পর্ষদ সভায় ক্ষতিপূরণের অঙ্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়। এর পরই অ্যালায়েন্সের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ৫০ লাখ ডলার বা ৪০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত এক হাজার শ্রমিককে ক্ষতিপূরণ বাবদ বেতন দেওয়া হয়েছে।
অবশ্য এ ক্ষেত্রে চার মাসের বেতনের অর্ধেক বা ৫০ শতাংশ টাকা দেবে সংশ্লিষ্ট কারখানার মালিক। আর বাকিটা দেবে অ্যালায়েন্স কর্তৃপক্ষ।অ্যালায়েন্সের পোশাক কারখানা পরিদর্শন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। পরিদর্শন হওয়া ৫৯০ কারখানার মধ্যে সংস্কারের জন্য সাময়িকভাবে পাঁচটি এবং স্থায়ীভাবে পাঁচটি কারখানা বন্ধ করা হয়েছে। চলতি বছরের বিভিন্ন সময় বন্ধ হওয়া এসব কারখানায় কাজ করতেন আড়াই হাজার শ্রমিক।
অ্যালায়েন্স গতকাল বৃহস্পতিবার জানায়, তাদের পরিদর্শনে স্থায়ীভাবে বন্ধ হওয়া কারখানাগুলো হচ্ছে চট্টগ্রামের চকবাজারের আরএসআই অ্যাপারেলস, বে ফ্যাশন ও জেন ফ্যাব্রিকস, ঢাকার মিরপুরের মেম গার্মেন্টস এবং তেজগাঁওয়ের দ্যাটস ইট ফ্যাশন। আর সাময়িকভাবে বন্ধ আছে চট্টগ্রামের ক্লিফটন কটন মিলস, ভ্যালিয়েন্ট গার্মেন্টস, এইচকেটিজি গার্মেন্টস, মাকস ফ্যাশন ও এইচবি ফ্যাশন।
জানতে চাইলে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন প্রথম আলোকে বলেন, ‘গত এপ্রিল থেকে আমরা প্রতিটি বন্ধ কারখানার শ্রমিকদের দুই মাস করে বেতন দিয়ে আসছি।’ নতুন সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘মালিকেরা ৫০ শতাংশ দিলেই অ্যালায়েন্স বাকিটা দেবে।’
কোনো মালিক যদি না দেন, তাহলে কী হবে জানতে চাইলে মেসবাহ রবিন বলেন, ‘কেউ না দিলে আমরা ধরে নেব, তিনি আমাদের সঙ্গে থাকতে চান না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈদ্যুতিক, ভবন ও অগ্নিপ্রতিরোধ ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে এসব কারখানা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে সংস্কারের জন্য ছয় থেকে আট সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে।
বন্ধ কারখানার মালিকেরা চার মাসের বেতন দেবেন কি না জানতে চাইলে পোশাক কারখানার মালিকদের সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘কোনো কারখানা বন্ধ হলে স্বাভাবিকভাবেই শ্রমিকদের তিন মাসের বেতন দিতে হয় মালিকপক্ষকে। ফলে অ্যালায়েন্সের নতুন সিদ্ধান্তে মালিকদের জন্য সুবিধা হবে। এতে কোনো কারখানা স্থায়ী বা সাময়িকভাবে বন্ধ হলে শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ চার মাসের বেতন দেওয়া সমস্যা হবে না।’ যদি কোনো মালিক এটি না মানেন, তবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।