আগামী ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুসহ ছয়টি খাতের
জন্য বিশেষ বরাদ্দ দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে শ্রমিক সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভিন, কেন্দ্রীয় নেতা নুরুন নাহার, আরিফা আক্তার, মো. ইলিয়াস প্রমুখ।
আমিরুল হক বলেন, পোশাকশিল্পের শ্রমিকেরা স্বল্প মজুরিতে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন। অনিরাপদ সন্তান প্রসবের ব্যবস্থা, পরিবহনসংকটও প্রকট। তাঁদের জন্য শিল্প এলাকাভিত্তিক হাসপাতাল, শিশু লালনকেন্দ্র ও বাসস্থান অনুপস্থিত। এসব সমস্যা সমাধানের জন্য আগামী বাজেটে তিনি রেশনিং ব্যবস্থা চালুসহ ছয়টি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে পোশাকশিল্প এলাকায় গার্মেন্টস শ্রমিক কলোনি নির্মাণ, নারী পোশাকশ্রমিকদের জন্য পোশাকশিল্প-অধ্যুষিত এলাকায় নিরাপদ মাতৃত্বকেন্দ্র স্থাপন, শিশু লালনকেন্দ্র গড়ে তোলা এবং শ্রমিকদের পরিবহন ও হাসপাতাল স্থাপনে বিশেষ বরাদ্দ দেওয়া।