পোশাকশিল্পের জন্যক্ষতিকর এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান
শ্রমিকদের জন্য সারা বছর রেশন চালু রাখার দাবি খালেদার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সারা বছর ধরে রেশনিং কার্যক্রম চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শ্রমিকদের জন্য আরও বেশি কল্যাণমূলক পদক্ষেপ নিতে শিল্পমালিকদের প্রতিও আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার সন্ধ্যায় ২২তম বাটেক্সপোর (বাংলাদেশ অ্যাপারাল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ এই অনুষ্ঠানের আয়োজন করে। গত শনিবার বাটেক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকেরা খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, এই শিল্পের উন্নয়নের জন্য দলমত-নির্বিশেষে কাজ করতে হবে। এই শিল্পের ক্ষতি হয়, এমন কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, হরতালের কারণে অনেক সময় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। বিরোধীদলীয় নেতা বলেন, ‘শ্রমিকদের জন্য চালু হওয়া রেশনিং কার্যক্রম বর্তমানে বন্ধ আছে। এটি অনতিবিলম্বে চালু করতে হবে। চড়া বাজারমূল্যের এই সময়ে শ্রমিকদের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য আনতে রেশনিং ব্যবস্থায় চালের পাশাপাশি ডাল, আটা, তেল ও লবণের মতো দরকারি নিত্যপণ্য অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’ তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিল্পমালিকদের অভিনন্দন জানান। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার নিজেদের শিল্পবান্ধব বলে দাবি করে। কিন্তু বাস্তবে সরকারের কর্মকাণ্ডে তা প্রতিফলিত হচ্ছে না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পোশাকশিল্পে এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চলে। গ্যাস ও বিদ্যুৎসংকটে এমনিতেই এ শিল্প সংকটের মধ্যে রয়েছে। এরপর বিশৃঙ্খলা সৃষ্টি হলে এ খাতকে আর ধরে রাখা যাবে না। এই খাতে যাতে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। তিনি পোশাকশিল্প রক্ষায় গার্মেন্টসপল্লি বাস্তবায়ন, চট্টগ্রাম বন্দরের চার্জ কমানো, বিভিন্ন ব্যাংকিং চার্জ ও সুদের হার হ্রাস, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান, রপ্তানি উন্নয়ন তহবিল বৃদ্ধি, ডিজেলে ভর্তুকি, শিল্পপ্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ইটিপি স্থাপন, স্বল্প সুদে শ্রমিকদের আবাসন ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার পাওয়ার জন্য জোর তৎপরতা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, এখন ক্রান্তিকাল চলছে। পোশাকশিল্পও এ সংকটের বাইরে নয়। অনেক শিল্পের মালিকানা আজ চলে যাচ্ছে ভিনদেশিদের হাতে। এ এক অশনিসংকেত। অদক্ষ, অযোগ্য, দুর্নীতিবাজ, জাতীয় স্বার্থবিরোধী ও ভিনদেশের স্বার্থরক্ষায় সদা ব্যস্ত বর্তমান সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অর্থনৈতিক সার্বভৌমত্ব আজ বিপন্ন হতে চলেছে। স্বাধীনতা শুধু স্লোগান নয়—অর্থনৈতিক মুক্তিরও হাতিয়ার। স্বাধীনতা সেই অর্থেই অর্থবহ হোক। অনুষ্ঠানের সভাপতি বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিরোধী দল পোশাকশিল্প প্রতিষ্ঠানকে হরতালের আওতামুক্ত রেখেছে। এটা ভালো দিক। বিরোধী দলের প্রতি আহ্বান, এই শিল্পের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, এমন কোনো কঠোর কর্মসূচি দেবেন না। তিনি সংসদে শিল্পমালিকদের জন্য কথা বলতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বিরোধী দল পোশকশিল্পকে হরতালের আওতামুক্ত রেখেছে। কিন্তু হরতালের সময় যানবাহন চলে না। ফলে শ্রমিকেরা কারখানায় আসতে পারে না। এতে উৎপাদন ব্যাহত হয়।সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এম ওসমান ফারুক, বিজিএমইএর সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী প্রমুখ। এবারের প্রদর্শনীর মূল পৃষ্ঠপোষক হয়েছে প্রাইম ব্যাংক ও এমজিএইচ গ্রুপ।