শ্রমিকদের জোড়াতালির জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামড়াশিল্প নগরের একটি ট্যানারিতে চামড়ার স্তূপের ওপর বিশ্রাম করছেন একজন শ্রমিক l প্রথম আলো
চামড়াশিল্প নগরের একটি ট্যানারিতে চামড়ার স্তূপের ওপর বিশ্রাম করছেন একজন শ্রমিক l প্রথম আলো

জুন মাসের বেতন-ভাতা পরিশোধ করে হাজারিবাগের পূবালী ট্যানারিজ কর্তৃপক্ষ সেখানে কর্মরত শ্রমিকদের বিনা বেতনে এক মাসের ছুটিতে পাঠায়। এই বাধ্যতামূলক ছুটি শেষে চলতি মাসের শুরুতে তাঁদের কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু কারখানায় এসে শ্রমিকেরা জানতে পারেন, তাঁদের ছুটি আরও ২৫ দিন বাড়ানো হয়েছে। তবে তথ্যটি মালিকপক্ষ শ্রমিকদের জানায়নি। কেবল কারখানার ফটকে একটি নোটিশ সাঁটিয়ে রেখেছে।

এভাবে প্রতিদিনের অনিশ্চয়তা আর পুরোপুরি কর্মহীন হয়ে পড়ার আশঙ্কার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন হাজারিবাগের ১০ হাজারের বেশি ট্যানারি শ্রমিক। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের হিসাবে, বন্ধ হওয়ার আগে এখানকার দুই শতাধিক ট্যানারিতে সরাসরি চামড়া প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৩০ হাজার শ্রমিক। এপ্রিলের শুরুতে ট্যানারিগুলোর পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারখানায় চুক্তিভিত্তিতে কাজ করা ৮ হাজারের মতো শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। ছাঁটাইয়ের শিকার হন স্থায়ী শ্রমিকদেরও কেউ কেউ।

বর্তমানে সাভারে উৎপাদন শুরু করা ৬৭টি ট্যানারিতে কয়েক হাজার শ্রমিক কাজে যুক্ত হলেও বেতনের টাকায় তাঁদের চলছে না। আয়ের বেশির ভাগ অংশ চলে যাচ্ছে দৈনিক যাতায়াত আর দুপুরের খাবারের পেছনে। আর হাজারিবাগে যাঁরা বিনা বেতনের ছুটিতে আছেন, সংসার চালাতে তাঁদের কেউ কেউ যুক্ত হয়েছেন রিকশা চালানোসহ বিভিন্ন খণ্ডকালীন কাজে। কোনোভাবে জোড়াতালি দিয়ে তাঁরা জীবনটা চালিয়ে নিচ্ছেন।

হাজারিবাগের ট্যানারি মোড়ে দাঁড়িয়ে সম্প্রতি কথা হচ্ছিল এমন কয়েকজন শ্রমিকের সঙ্গে। তাঁদের মধ্যে ছুটিতে থাকা ফিনিক্স লেদার কমপ্লেক্সের মেশিনম্যান আদিউল ইসলাম বলেন, ‘আমাদের কারখানার এক-একজন মধ্যম সারির শ্রমিকের বেতন ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে। অথচ একজন ব্যাচেলর শ্রমিকের কেবল থাকা-খাওয়ার পেছনেই খরচ হয় ন্যূনতম পাঁচ হাজার টাকা।’

লেক্সকো লিমিটেডের সিলেকশন বিভাগের কর্মী মো. বাবলু বললেন, ‘রোজার ঈদের পর থেকে কারখানায় ১৫ জনের মতো শ্রমিক ছাঁটাই হয়েছে। সাভারে কারখানা চালু হওয়ার পর আমাদেরও রাখবে কি না, সন্দেহ।’

আর যেসব শ্রমিক সাভারের বিভিন্ন কারখানায় যোগ দিয়েছেন, তাঁদের কী অবস্থা? জানতে চাইলে বেশির ভাগ শ্রমিকের বক্তব্য, সেখানকার কর্মপরিবেশ নিয়ে শ্রমিকেরা সন্তুষ্ট না। সাভারে চামড়াশিল্প নগরে কাজ করা খোকন নামের এক শ্রমিক প্রথম আলোকে জানান, তাঁর দৈনিক মজুরি ৪০০ টাকা। এর মধ্যে হাজারীবাগ থেকে দৈনিক যাতায়াতেই তাঁর খরচ হয় ১২০ টাকা করে। এ অবস্থায় খরচ বাঁচাতে তাঁকে কখনো কখনো দুপুরে না খেয়ে থাকতে হয়।

আরাফাত ট্যানারির আবুল কালাম নামের এক শ্রমিক বলেন, ‘সাভারে বাড়ি ভাড়াও বেশি। এর ওপর এখানে গ্যাস না থাকায় তিন বেলা হোটেলে খাওয়ার পেছনে আয়ের একটা বড় অংশ চলে যায়।’

এ বিষয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, রোজার মধ্যে শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক-শ্রমিক-সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে কারখানা বন্ধ থাকা অবস্থায় ১৫ দিন করে শ্রমিকদের পালাক্রমে ছুটি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল। এ ছাড়া হাজারিবাগ থেকে যাঁরা সাভারে কাজে যাবেন, তাঁদের জন্য মালিকদের পক্ষ থেকে যাতায়াতের ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু এর কোনোটিই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বন্ধ থাকা বেশির ভাগ কারখানার মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাচ্ছেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, সরকারের পক্ষ থেকে বরাবরই আশ্বাস দেওয়া হয়েছিল যে শ্রমিকেরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। সাভারে শ্রমিকদের জন্য বাসস্থান থাকবে, স্কুল থাকবে, তাঁরা উন্নত কর্মপরিবেশ পাবেন। কিন্তু ট্যানারি স্থানান্তরের জন্য শেষ পর্যন্ত শ্রমিকদেরই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে।