শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে আজ সিদ্ধান্ত?
তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ আজ রোববার নতুন প্রস্তাব দেবে। তারপর বোর্ডের সদস্যরা আলাপ-আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে একটি মত্যৈকে পৌঁছাবেন।
চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে গত রোববার মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছিল। পোশাকমালিকদের সমিতি বিজিএমইএর নেতারা জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা প্রস্তাব চূড়ান্ত করেছেন। তিন হাজার ৬০০ টাকার পুরোনো প্রস্তাব থেকে সরে এসে সব মিলিয়ে সাড়ে চার হাজার টাকার নতুন প্রস্তাব দেবে মালিকপক্ষ।
তবে রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে আজ শেষ পর্যন্ত প্রস্তাব না-ও দিতে পারেন বলে গতকাল বিকেলে এই প্রতিবেদককে জানান মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল।
এ বিষয়ে জানতে চাইলে বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কালকের বৈঠকে (আজ) মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা। কোনো অজুহাতে সেটি না করলে তাঁরা কথার বরখেলাপ করবেন। সে ক্ষেত্রে বিজিএমইএর বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে শ্রমিকদের ঠকানোর অপকৌশলের অভিযোগই সত্য হবে।
তবে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী কাল (আজ) প্রস্তাব দেওয়া হবে।’
গত সভায় বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে সমিতির বর্তমান সভাপতি আতিকুল ইসলাম ও সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনকে উপস্থিত থাকার অনুমতি দেয় বোর্ড। অবশ্য সাবেক সভাপতি বর্তমানে বিদেশে থাকায় তিনি উপস্থিত থাকবেন না।
বিজিএমইএর নেতারা জানান, মজুরি বোর্ডের বৈঠকে চার হাজার ৬৮০ টাকা প্রস্তাব দেবে মালিকপক্ষ। এর মধ্যে মূল মজুরি, বাড়িভাড়া ও চিকিৎসা বাবদ তিন হাজার ৯০০ টাকা এবং খাদ্য ভর্তুকি ৫২০ টাকা ও যাতায়াত ভর্তুকি ২৬০ টাকা।
এ বিষয়ে আরশাদ জামাল বলেন, বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী মজুরি সাত গ্রেডে সমহারে বাড়বে না। তবে দক্ষ শ্রমিকেরা বা উচ্চতর গ্রেডের শ্রমিকেরা যেন বেশি লাভবান হন, সে বিষয়ে নজর রাখা হবে।