শ্রমিকদের নিরাপত্তায় ব্যবহার করা হবে উন্নততর প্রযুক্তি
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ভবন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সর্বশেষ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। একই সঙ্গে কারখানাগুলোতে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে শ্রমিকদের কণ্ঠস্বর শক্তিশালী করতে গণতান্ত্রিক উপায়ে অংশীদারি কমিটি করা হবে।
পোশাকমালিকদের সমিতি বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে উত্তর আমেরিকার পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির প্রেসিডেন্ট জেফরি ক্রিলা সাংবাদিকদের এসব কথা বলেন। বিজিএমইএ কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম।
রানা প্ল্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রভিত্তিক ২০টি তৈরি পোশাক ব্র্যান্ডের মধ্যে ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ শীর্ষক চুক্তির আওতায় জোট গঠিত হয়। গতকালের বৈঠকে অ্যালায়েন্স বোর্ডের চেয়ারপারসন ইলেন টশারসহ ১৭ সদস্য, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হক, আব্দুস সালাম মুর্শেদী, বর্তমান সহসভাপতি শহিদুল্লাহ আজিম উপস্থিত ছিলেন।
ইলেন টশার সাংবাদিকদের বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মধ্যে ৫০০ কারখানা পরিদর্শন শেষ করা হবে। আর পরিদর্শন কার্যক্রম জাতীয় ভবন নীতিমালা ও ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার অধীনে হবে। এ জন্য সরকার, বিজিএমইএ, বিকেএমইএ, আইএলওসহ সব পক্ষের সমন্বয়ে একটি মানদণ্ড নির্ধারণের কাজ এগিয়ে চলছে।
ইলেন টশার আরও বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন করতে আমরা কাজ করতে চাই। আর সেটি হবে পুরোপুরি স্বচ্ছভাবে।’ শিগগিরই ৫০০ কারখানার তালিকা সরকারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
শহিদুল্লাহ আজিম বলেন, অ্যালায়েন্স কারখানার মান উন্নয়নে ১০ কোটি ডলার ব্যয় করবে। এ ছাড়া জোটের পক্ষ থেকে কারখানা পরিদর্শন, প্রশিক্ষণ ও তদারকির জন্য ৪ দশমিক ৬ কোটি ডলার ব্যয় করা হবে।