শ্রমিকদের বাধ্যতামূলক বিমার আওতায় আনার দাবি বিআইএর
বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বিমার আওতায় আনা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি (বিআইএ) শেখ কবির হোসেন। আজ সোমবার বিমাশিল্পের উন্নয়নে আগামী দুই বছরের প্রস্তাব বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে বিআইএর সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্যে কবির হোসেন বলেন, গত অর্থবছরে তৈরি পোশাকশিল্প দুই হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে। এই খাতে ৩০ লাখ নারীসহ মোট ৩৬ লাখ শ্রমিক নিয়োজিত আছেন। উদ্বেগের বিষয় হলো, বর্তমানে তৈরি পোশাকশিল্প মাত্র ২০ জনের জন্য গ্রুপ বিমা করে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি তৈরি পোশাকশিল্প ইউনিটের ভবন, যন্ত্রপাতি ও এর সঙ্গে নিয়োজিত সব শ্রমিককে বাধ্যতামূলকভাবে বিমার আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে মৃত্যুজনিত ক্ষতিপূরণের জন্য বিদ্যমান এক লাখ টাকার পরিবর্তে পাঁচ লাখ টাকা নির্ধারণেরও প্রস্তাব করেন তিনি।সংবাদ সম্মেলনে কবির হোসেন বিমা বিষয়ে কিছু দাবি তুলে ধরেন; এগুলোর মধ্যে রয়েছে—প্রবাসী শ্রমিকদের বিমার আওতায় আনা, কৃষিবিমা প্রবর্তন, ক্ষুদ্র বিমা উন্নয়ন, বৃহত্ স্থাপনা ও অবকাঠামো বিমার আওতায় আনা, ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে বিমার আওতায় আনা, বিমাশিক্ষার উন্নয়নে বিমা একাডেমির আধুনিকায়ন, বিমা পলিসি গ্রহণকারীর নিরাপত্তা তহবিল গঠন প্রভৃতি।এ ছাড়া শেয়ারবাজারে বিমা কোম্পানির অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের জন্য আইপিওতে ন্যূনতম ১০ শতাংশ কোটা সংরক্ষণ; ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো বিমা কোম্পানিগুলোর অনুকূলে সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের সনদ দেওয়া এবং মিউচুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডের ব্যবস্থাপনার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার লক্ষ্যে লাইসেন্স দেওয়ারও দাবি জানান কবির হোসেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিআইএর সহসভাপতি আহসানুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা মো. নুরুল ইসলাম, নাসির এ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।