শ্রমিকদের বাড়তি মজুরি দিতে সহায়তা করবে এইচঅ্যান্ডএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের জীবনধারণের উপযোগী বা বাড়তি মজুরি দিতে সহায়তা করার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। আগামী বছর শুরু হওয়া এই সহায়তাবলয়ের মধ্যে পর্যায়ক্রমে আসবেন সাড়ে আট লাখ পোশাকশ্রমিক। এর প্রথম পর্যায়ে থাকছে বাংলাদেশের দুটি ও কম্বোডিয়ার একটি কারখানা।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর এশিয়ার পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নে সরকারের ব্যর্থতায় হতাশ হয়ে এইচঅ্যান্ডএম এই সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে পোশাকের জন্য বাড়তি দাম দেবে এই সুইডিশ কোম্পানি। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।
সুইডিশ এই কোম্পানি এক বিবৃতিতে বলেছে, পোশাক উৎপাদনকারী দেশের সরকারগুলো শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে দীর্ঘ সময় নিয়ে থাকে। সে জন্য এইচঅ্যান্ডএম কিছু পদক্ষেপ নিয়েছে, যাতে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উৎসাহী হয়ে অনুসরণ করেন।
এইচঅ্যান্ডএম ৭৫০টি কারখানা এই সহায়তা কর্মসূচির অধীনে নিয়ে আসবে। এসব কারখানা ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিকে পোশাক সরবরাহ করবে। যুক্তরাজ্যে বর্তমানে দুই শতাধিক বিক্রয়কেন্দ্র আছে এইচঅ্যান্ডএমের।
এইচঅ্যান্ডএম বলেছে, দেশ ও কারখানাভেদে কাজের পরিবেশ ও শ্রমিকের মজুরির ভিন্নতা আছে। তারা সহায়তা করবে, যাতে করে শ্রমিকেরা জীবনধারণের উপযোগী মজুরির জন্য দর-কষাকষি করতে পারেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা এই প্রতিষ্ঠানটি মজুরিকে কোনো সংখ্যায় দেখতে চায় না, বরং সুস্থ জীবনধারণের জন্য প্রয়োজনীয়তার নিরিখে বিবেচনা করতে চায়।
বিবৃতি অনুযায়ী এইচঅ্যান্ডএম ন্যায্য মজুরির জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করবে। শ্রমিকদের মৌলিক চাহিদা চিহ্নিত করে তা পূরণে কী পরিমাণ অর্থ প্রয়োজন, তার হিসাব করা হবে। একবার মজুরি চূড়ান্ত হওয়ার পর নিয়মিত তা পর্যালোচনা করা হবে।
সুইডিশ এই প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা কারখানাগুলোকে বাড়তি দাম দিতে আগ্রহী, যাতে তারা শ্রমিকদেরও বেশি মজুরি দিতে পারে। এটি হবে দ্বিপক্ষীয় সমঝোতা ও দায়িত্বের বিষয়।’
লেবার বিহাইন্ড দ্য লেভেল নামের শ্রম অধিকার গ্রুপের সমন্বয়কারী অন্না ম্যাকমুলেন এইচঅ্যান্ডএমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।