শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইপিজেডের গ্রামীণ নিটওয়্যার নামের কারখানার শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও চাকরি পুনর্বহাল কিংবা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সোমবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন। এতে ফেডারেশনের সহসভাপতি নুরুন নাহার, গ্রামীণ নিটের শ্রমিক মিলন, ইব্রাহিম, ইবাদত হোসেন, রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাফিয়া পারভীন অভিযোগ করে বলেন, গত বছরের অর্জিত ছুটির টাকা দাবি করলে শ্রমিকদের ওপর হামলা চালায় কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ঘটনাটি গত ১২ মার্চের। এক দিন পর ৮১ জন শ্রমিকের নামে আশুলিয়া থানায় কারখানা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করে কারখানা কর্তৃপক্ষ। পরে ২৫ মার্চ কারখানা আবার চালু হয়। তবে ওই ৮১ জন ছাড়া আরও ৭৯ জন শ্রমিককে কারখানায় ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ।
সাফিয়া পারভীন আরও বলেন, আইন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ, বকেয়া পাওনা ও ভবিষ্য তহবিলে জমানো টাকাও কারখানা কর্তৃপক্ষ দেয়নি। বিজ্ঞপ্তি।