শ্রমিকদের বেতন-ভাতা এবারও ছুটির ফাঁদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই ঈদের আগে সরকার ও বিজিএমইএ শ্রমিকদের বেতন এবং উৎসব ভাতা পরিশোধ করতে তৈরি পোশাক কারখানার মালিকদের একটি সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমা সাধারণত ঈদের দুই বা তিন দিন আগে শেষ হয়। এ সুযোগটাই নেন কিছু কারখানার মালিক। শ্রমিকদের আশা দিয়ে রেখে শেষ মুহূর্তে সটকে পড়েন তাঁরা। ছুটি শুরু হয়ে যায়, তখন কিছুই করার থাকে না। ফলে বহু শ্রমিকই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন।
আসছে ঈদেও এ সুযোগটি থাকছে। সরকার এখনো বেতন-ভাতা দেওয়ার সময়সীমা ঘোষণা করেনি। তবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ইতিমধ্যে সদস্য কারখানামালিকদের ১০ জুলাইয়ের মধ্যে জুন মাসের বেতন ও ১৫ জুলাইয়ের মধ্যে ঈদ বোনাস দিতে বলেছে। ঈদের সম্ভাব্য তারিখ ১৮ বা ১৯ জুলাই। সে ক্ষেত্রে বোনাস প্রদানের সময়সীমা ১৫ জুলাই হলে পরে সরকারি কর্মদিবস থাকে এক দিন, বৃহস্পতিবার।
তিন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে গত রোববার এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, প্রতিবছর একই সমস্যা হচ্ছে। শেষ মুহূর্তে কিছু কারখানা শ্রমিকদের বেতন-ভাতা না দিয়েই বিদায় করেছে। সে জন্য ২০ রোজার মধ্যে বেতন-ভাতা দেওয়ার বিষয়ে মালিকদের কঠোর নির্দেশনা দেওয়ার দাবি তাঁদের।
জানতে চাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘ঈদের আগে বেতন-ভাতা দেওয়ার সময়সীমা এগিয়ে আনা দরকার। কারণ, এ জন্যই মালিকেরা সুযোগ নেন। সরকারের উচিত দ্রুত সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করে পদক্ষেপ নেওয়া।’
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘আমরা ১০ ও ১৫ জুলাইয়ের মধ্যে যথাক্রমে বেতন ও ঈদ বোনাস বা উৎসব ভাতা পরিশোধ করতে মালিকদের মুঠোফোনে খুদে বার্তা ও ই-মেইলের মাধ্যমে জানিয়েছি। এ ছাড়া গাজীপুর, সাভার, আশুলিয়া, ভালুকা, কোনাবাড়ী, মালিবাগ, ফতুল্লা ও টঙ্গী—এই আটটি এলাকার কারখানাগুলোর জন্য আলাদা তদারকি কমিটি করে দিয়েছি।’ তিনি জানান, ঈদের আগে শিল্পাঞ্চলের ব্যাংকগুলো যেন ছুটির দিনেও খোলা থাকে এবং মহাসড়ক দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ।
গত বছর ঈদুল ফিতর ছিল ২৯ জুলাই। সরকারি ছুটি শুরু হয় তার আগের দিন। আর ২৬ জুলাইয়ের মধ্যে বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেয় সরকার। বিজিএমইএ সেটি মেনেও নেয়। তবে শেষ পর্যন্ত অনেক কারখানাই সেই নির্দেশনা মানেনি। ২৭ জুলাই শিল্প পুলিশ জানায়, ৯৪ শতাংশ কারখানা বেতন-ভাতা দিয়েছে। আর শ্রমিকনেতারা তখন দাবি করেন, ১৫ শতাংশ কারখানা দেয়নি। এ ধরনের কারখানার সংখ্যা প্রায় ৩৫০। এর মধ্যে তোবার ঘটনা আলোড়ন তোলে। বাড্ডা এলাকায় তোবার পাঁচ কারখানায় দেড় হাজার শ্রমিক কারখানায় ঈদের আগের দিন থেকে তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে ১১ দিন অনশন করেন।
বিশেষ করে রপ্তানিমুখী কারখানাগুলো শ্রমিকদের বেতন-ভাতা কম-বেশি দিলেও ঠিকা কাজ (সাব-কন্ট্রাকটিং) করা কারখানাগুলোতে বেশি সমস্যা হয়। এ ধরনের কারখানাই বেতন-ভাতা না দিয়ে বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিক সংগঠন ও বিজিএমইএর নেতারা গতবার এ তথ্য দেন। অবশ্য এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি পুলিশের বিশেষ শাখার (এসবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসের বেতন চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত পরিশোধ করেনি, এমন কারখানার সংখ্যা ১১১। এ ছাড়া বিজিএমইএর তালিকা অনুযায়ী, ঢাকার ৪৫ ও চট্টগ্রামের ২৯ (মোট ৭৪) কারখানা নিয়মিত বেতন-ভাতা দেয় না।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, যেসব মালিক বিভিন্ন অজুহাতে শ্রমিকদের ঠকান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে পরিস্থিতির পরিবর্তন হবে। আর ঠিকা কাজ করা কারখানাগুলোর ওপর শুরু থেকেই নজরদারি রাখলেই ঝামেলা কমে আসবে।
এ বিষয়ে শহিদুল্লাহ আজিম বলেন, ‘আমরা ঢাকা ও চট্টগ্রামের ৭৪ কারখানা কঠোর নজরদারির মধ্যে রেখেছি। আশা করি, কোনো সমস্যা হবে না। তবে বিজিএমইএর সদস্য নয়, এমন কারখানাতেই বেশি ঝামেলা হয়। এসব কারখানার শ্রমিকদের বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধের বিষয়ে সরকারকে উদ্যোগী হতে হবে।’
গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তারের অভিমত, সরকার তদারকি করলেই মালিকেরা নির্দেশনা মানতে বাধ্য হবেন।