রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্প শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি বাড়িয়ে তিন হাজার থেকে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়। তবে এক দফায় ৭৭ শতাংশ মজুরি বৃদ্ধির পরও প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশের শ্রমিকেরা এখনো কম মজুরি পান।
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগী ১০ দেশের মধ্যে বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি এখন দ্বিতীয় সর্বনিম্ন, মাসিক ৬৮ মার্কিন ডলার প্রায়। শুধু মিয়ানমারের শ্রমিকেরা এর চেয়ে কম, ৫০ থেকে ৬০ ডলার মাসিক নিম্নতম মজুরি পান। তবে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এ ক্ষেত্রে প্রথম চীন। আবার এই চীনের শ্রমিকেরাই সবচেয়ে বেশি নিম্নতম মজুরি পান, ১৩৪ দশমিক ৫ থেকে ২৯৩ ডলার।
অবশ্য বাংলাদেশে শুধু মজুরি যে কম তা নয়। গত বছরের ডিসেম্বরে দেশের পোশাকশিল্পে নতুন মজুরিকাঠামো কার্যকর হলেও ৪০ শতাংশ কারখানার মালিক সেটি বাস্তবায়ন করেননি। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর করা এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মিয়ানমারে শ্রমিকদের নিম্ন মজুরির কারণে অনেক পোশাক ক্রেতা আগ্রহী হলেও তা এখনই বাংলাদেশের পর্যায়ে আসতে পারবে না বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। এর কারণ মজুরি কম হলেও অবকাঠামো খাতে দেশটি এখনো অনেক পিছিয়ে আছে। অন্যদিকে পোশাক রপ্তানিতে বাংলাদেশের আরেক প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামেও মজুরি দিন দিন বাড়ছে। দেশটিতে বতর্মানে নিম্নতম মজুরি ৮৮ দশমিক ৭ থেকে ১২৬ ডলার, যা বাংলাদেশ থেকে অনেক বেশি। ২০১৫ সালে এই মজুরি আরও ১৪ থেকে ১৮ ডলার বাড়বে।
পোশাক রপ্তানিকারক আরেক দেশ কম্বোডিয়ার পরিস্থিতিও সুবিধাজনক নয়। দেশটিতে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। বর্তমানে কম্বোডিয়ার শ্রমিকেরা সর্বনিম্ন ১০০ ডলার মজুরি পান। দাবি বাস্তবায়িত হলে মজুরি ১৬০ ডলারে দাঁড়াবে। সেটি হলে বাংলাদেশের চেয়ে কম্বোডিয়ার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দাঁড়াবে দ্বিগুণেরও বেশি। ফলে মজুরিসংক্রান্ত বিষয়ে এসব দেশের চেয়ে বাংলাদেশ ক্রেতাদের পছন্দের তালিকায় এগিয়েই থাকছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এইচঅ্যান্ডএম, পিভিএইচের মতো ইউরোপিয়ান ও মার্কিন ব্র্যান্ডগুলো বিকল্প বাজার খুঁজে বের করার জন্য আফ্রিকার ইথিওপিয়া, লেসোথো, কেনিয়ার মতো দেশগুলোতে কম দামে পোশাক তৈরি করানোর চেষ্টা করেছে। তবে তারা খুব একটা সফল হতে পারছে না।
অন্যদিকে বড় আকারের কার্যাদেশ সময়মতো পৌঁছানোতেও বাংলাদেশ প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে। এ ক্ষেত্রে বাংলাদেশি পোশাকমালিকদের দক্ষতার প্রশংসা করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। এ দক্ষতার কারণে রাজনৈতিক অস্থিরতা ও নীতিনির্ধারণে দীর্ঘসূত্রতার মতো সমস্যার পরও ভারত বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না।
অবশ্য ভারত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পেলে বাংলাদেশকে আরও প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। তাই প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার জন্য কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করার পাশাপাশি যথাযথ মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে।
পোশাকশিল্প শ্রমিকদের নিম্নতম মজুরি
(মাসিক, মার্কিন ডলারে)
মিয়ানমার ৫০.৬-৬০.৬
বাংলাদেশ ৬৮
কম্বোডিয়া ১০০
পাকিস্তান ১০১
ভারত ৬৫ - ১৪২.৬
ভিয়েতনাম ৮৮.৭ - ১২৬
ইন্দোনেশিয়া ১০৩.১ - ২০৯.৭
চীন ১৩৪.৫ - ২৯৩.১
* জুলাই ২০১৪ পর্যন্ত; বিশ্বব্যাংক, ২০১৪