বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ও ডরমেটরি তৈরি করার চিন্তাভাবনা চলছে। এ জন্য ব্যবসায়ীদের কম সুদে ঋণ দেওয়া হবে।ফারুক খান বলেন, ‘কোনো দেশ শ্রমিকদের একসঙ্গে ৮০ শতাংশ বেতন বৃদ্ধি করেনি। কিন্তু আমরা করেছি। যদিও সরকারের ঘোষিত এই বেতনকাঠামো শ্রমিকদের জন্য যথেষ্ট নয়। তবু মালিক ও শ্রমিক উভয় পক্ষই তা মেনে নিয়েছে। সে জন্য আগামী দিনে শ্রমিকদের বেতন আরও বাড়ানো হবে।’ তবে ফারুক খান এও বলেন, ভাঙচুর-বিক্ষোভ ও আন্দোলন করে কেউ লাভবান হবে না। এতে বরং শিল্পের ক্ষতি হবে।নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পনগরীতে গতকাল ‘সানি সাইড ডে কেয়ার সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও জার্মানিভিত্তিক আন্তর্জাতিক পোশাক ব্যবসাপ্রতিষ্ঠান মেট্রো গ্রুপ যৌথ উদ্যোগে এই শিশু দিবাযত্ন কেন্দ্রটি স্থাপন করেছে।বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত হোলগার মাইকেল ও মেট্রো গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল জে ইঙ্কার। এতে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহসভাপতি হাবীবুর রহমান, সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি এবং বিসিকের মেরিল্যান্ড গার্মেন্টসের পলিম্যান মাকসুদা বেগম।বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে বিশ্বমন্দা, গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমস্যার পরেও বাংলাদেশ এক লাখ ৩০ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের চেয়ে ৪ দশমিক ১১ শতাংশ বেশি। ফারুক খান বিকেএমইএ-মেট্রো গ্রুপের ‘সানি সাইড ডে কেয়ার সেন্টারটিকে ব্যবসায়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের একটি দৃষ্টান্ত আখ্যায়িত করে বলেন, এটি দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়ীদেরও অনুপ্রাণিত করবে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। এতে শিল্প-কারখানার উত্পাদন বাড়বে।এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘আমরা রমজানসহ গত দেড় বছরে জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করেছি। সে অনুযায়ী সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা শুরু হয়েছে।’ তিনি বলেন, রমজান মাস উপলক্ষে কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে ফায়দা লুটতে না পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না হয় সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে এ এইচ আসলাম সানি জানান, পাঁচ হাজার বর্গফুট আয়তনের একটি ফ্লোরে স্থাপিত ‘সানি সাইড ডে কেয়ার সেন্টার’-এ ৬০টি শিশু রাখা যাবে। তাদের জন্য সার্বক্ষণিক একজন চিকিত্সক ও নার্স থাকবেন। এ ছাড়া শিশুদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে। মেট্রো গ্রুপ আগামী দুই বছর এই কেন্দ্রটির ৭০ শতাংশ খরচ দেবে। বাকি ৩০ শতাংশ বহন করবে বিকেএমইএ।আসলাম সানি আরও জানান, বিসিকে বর্তমানে দুই শতাধিক রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা রয়েছে। যেখানে দেড় লাখ শ্রমিক কাজ করে। এখানকার পোশাকশিল্পগুলো থেকে বছরে এক হাজার ৪০০ কোটি টাকার পণ্য রপ্তানি হয়।উল্লেখ্য, জার্মানির মেট্রো গ্রুপের বিশ্বব্যাপী ৩৪টি দেশে দুই হাজার ১০০টি বিক্রয়কেন্দ্রে দুই লাখ ৯০ হাজার কর্মী কাজ করেন। ২০০৯ সালে গ্রুপটির মোট ছয় হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি হয়েছে।