এ সপ্তাহের সাক্ষাৎকার: সাভার ট্র্যাজেডির পর অনির্ধারিত সফরে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপমহাপরিচালক গিলবার্ট ফসু হুংবো। গতকাল শুক্রবার আইএলওর ঢাকা কার্যালয়ে বাংলাদেশের পোশাকশিল্পের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি
শ্রমিকদের মৃত্যুঝুঁকিতে রেখে কাজ আদায় গ্রহণযোগ্য নয়
প্রথম আলো: এই সময়ে বাংলাদেশে আসা কি আপনার আগে থেকেই ঠিক করা ছিল? গিলবার্ট: না, না। এটি কোনো পরিকল্পিত সফর নয়। রানা প্লাজা ধসের পরপরই আইএলও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখানে আসা। এত মানুষের প্রাণহানি, সত্যিই মর্মান্তিক! প্রথম আলো: অগ্নিনিরাপত্তা নিয়ে আইএলও বাংলাদেশে কাজ করেছে। সম্প্রতি ঘটল ভবনধসের ঘটনা। এখনো ঝুঁকিপূর্ণ অনেক পোশাক কারখানা রয়েছে। এ ব্যাপারে আইএলওর ভাষ্য কী?গিলবার্ট: শুধু অগ্নিনিরাপত্তা নয়, আমরা চাই সার্বিকভাবেই পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়ন। এর মধ্যে সবার আগে শ্রমিকদের দিকটি দেখতে হবে। তাঁরা যদি সব সময় এবং সব ধরনের নিরাপত্তাহীন অবস্থায় থাকেন, কীভাবে তাহলে ভালো কাজ করবেন? আমরা বিশ্বাস করি, পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে সরকার, শ্রমিক সংগঠন, বিজিএমইএ, বিকেএমইএ একযোগে কাজ করবে।প্রথম আলো: লাখ লাখ শ্রমিক কাজ করছেন মৃত্যুঝুঁকি নিয়ে। এই বাস্তবতায় সরকারের দিক থেকে করণীয় কী? গিলবার্ট: তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ ভালো আয় করছে। এটি অবশ্যই দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তবে মালিক-শ্রমিক মিলেই যেহেতু গোটা খাত; এর মাধ্যমে মালিকদের জীবনমানের উন্নয়ন হলেও দেখতে হবে শ্রমিকদের জীবনমানেরও উন্নয়ন ঘটছে কি না। একই সঙ্গে যদি তা না ঘটে, তাহলে বুঝতে হবে সমাজে বৈষম্য বাড়ছে। বৈষম্য দূর করতে নানা নীতি গ্রহণের দায়িত্ব সরকারের। শ্রমিকদের মৃত্যুঝুঁকিতে রেখে কাজ আদায় করে নেওয়া একদিকে মালিকদের দুর্বল নৈতিক মান এবং অন্যদিকে সরকারের প্রশাসনিক দুর্বলতা নির্দেশ করে। এটা গ্রহণযোগ্য নয়।প্রথম আলো: বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকেরা প্রতিদিন ঠকছেন। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারিত নেই। এটা কী জরুরি নয়? গিলবার্ট: এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই মুহূর্তে জরুরি নয়। আইএলওর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যথাসময়ে এটা হয়ে যাবে। অতিদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি চালু রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমিও মনে করি, শ্রমিকদের কথা বলার স্বাধীনতা, দর-কষাকষি করার ক্ষমতা, সংগঠন করার অধিকার এবং তাঁদের কর্মপরিবেশ ভালো আছে কি না—এই বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ।প্রথম আলো: আইএলওর অনেক কনভেনশনই তো বাংলাদেশ অনুসমর্থন করেছে। কিন্তু ওই টুকুই। সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ খুবই দুর্বল। এ বিষয়ে কিছু বলবেন? গিলবার্ট: আইএলওর কনভেনশনগুলো অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অভিবাদন জানাই। তবে একান্তভাবে চাই, বাংলাদেশের আইনকানুনে সেগুলোর প্রতিফলন থাকুক এবং বাস্তবায়ন হোক। কারখানার মালিকদের অবহেলা বা দায়িত্বহীনতা চিহ্নিত করার পাশাপাশি কারখানার কার্যক্রম পরিদর্শনের ব্যবস্থা এ দেশে একেবারেই কম। বলা যায়, খুবই শোচনীয় অবস্থা। এ রকম চলা আর এক দিনও উচিত নয়।প্রথম আলো: শিশুদের পোশাকের বিশ্বখ্যাত বিক্রেতা ওয়াল্ট ডিজনি এ তো প্রাণহানির কারণে বাংলাদেশ থেকে আর পোশাক কিনবে না বলে জানিয়েছে। গ্যাপ, ওয়ালমার্ট, এইচঅ্যান্ডএম মিলেও বৈঠক করেছে। বাংলাদেশের জন্য এগুলো কী কোনো দুশ্চিন্তার কারণ?গিলবার্ট: দুশ্চিন্তার কারণ তো হতেই পারে। অবশ্য আমি মনে করি না যে এর একটির সঙ্গে আরেকটিকে মিলিয়ে দেখার দরকার আছে। তবে হ্যাঁ, বাংলাদেশকে তার নিজের প্রয়োজনেই পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। আয়ের জন্য সুযোগের দুয়ার খোলা। কিন্তু বাতাস আসার পথ বন্ধ করে রাখলে অর্থাৎ সুযোগ কাজে লাগাতে না পারলে ঠকবে শেষ পর্যন্ত বাংলাদেশই। তবে আশার কথা যে সরকার শ্রম আইন সংশোধন করছে। এতে শ্রমিক-স্বার্থ আগের তুলনায় বেশি দেখা হবে বলেই ধরে নিচ্ছি। [সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]