শ্রমিকদের সর্বোচ্চ মজুরি ১৯ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব হোটেল ও রেস্তোরাঁর শ্রমিক-কর্মচারীদের জন্য নিম্নতম মজুরির খসড়া সুপারিশ তৈরি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থা নিম্নতম মজুরি বোর্ড। গত ৩১ আগস্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

শ্রমিকদের জীবনযাপন ব্যয়, জীবনযাপন মান, পণ্যের উৎপাদন খরচ, কাজের ধরন, মূল্যস্ফীতি, ব্যবসায়িক সামর্থ্য এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে খসড়াটি প্রণয়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে শ্রমিকদের জন্য চারটি ধাপে (গ্রেড) ও কর্মচারীদের জন্য তিনটি ধাপে মজুরি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রথম ধাপে মজুরি পাবেন উচ্চতর দক্ষ শ্রমিকেরা। এই ধাপে থাকবেন প্রধান পাচক (বাবুর্চি), বাংলা খাবারের বাবুর্চি ও চায়নিজ খাবারের বাবুর্চিরা। তাঁদের জন্য সুপারিশ করা হয়েছে মূল মজুরি ১২ হাজার টাকা। তাঁরা সিটি করপোরেশনের ক্ষেত্রে বাড়িভাড়া ৬ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৪০০ টাকা ও যাতায়াত ভাতা ৫০০ টাকা মিলিয়ে মোট ১৮ হাজার ৯০০ টাকা পাবেন। এই ধাপে বাড়িভাড়া সিটি করপোরেশনের ক্ষেত্রে মূল মজুরির ৫০ শতাংশ, জেলা শহরে ৪৫ শতাংশ ও থানা পর্যায়ে ৪০ শতাংশ।

দ্বিতীয় ধাপে মজুরির সুপারিশ করা হয়েছে দক্ষ শ্রমিক, অর্থাৎ মিষ্টি, নাশতা, রুটি, কাবাব, গ্রিল কাবাব, ফালুদা, লাচ্ছি, দই, চটপটি, শরমা কাবাব ও চা-কফি কারিগরদের জন্য। এই ধাপে থানা পর্যায়ে মূল মজুরিসহ তিন ধরনের ভাতা মিলিয়ে মোট ৫ হাজার ৭৪০ টাকা, জেলা পর্যায়ে ৭ হাজার ৭৬০ টাকা এবং সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ৯ হাজার ৯০০ টাকা।

আধা দক্ষ শ্রমিক, অর্থাৎ সহকারী পুরুষ ও নারী বাবুর্চি, ওয়েটার, সহকারী নাশতা, রুটি, কাবাব, দই ইত্যাদির কারিগরদের জন্য সুপারিশ করা হয়েছে তৃতীয় ধাপে মোট ৪ হাজার ৬০ টাকা থেকে ৬ হাজার ৩০০ টাকা পর্যন্ত মজুরি।

চতুর্থ ধাপে ৩ হাজার ৭১০ টাকা থেকে ৫ হাজার ৪০০ টাকা পর্যন্ত মোট মজুরি পাবেন অদক্ষ শ্রমিকেরা। তাঁদের মধ্যে রয়েছেন পার্সেল বয়, ডিশ ওয়াশ বয়, গ্লাস বয়, টেবিল বয়, ঝাড়ুদার, সহকারী ওয়েটার ও অন্যান্য সাহায্যকারী।

হোটেল ও রেস্তোরাঁর কর্মচারীদের জন্য মজুরি দেওয়ার সুপারিশ করা হয়েছে তিনটি ধাপে। প্রথম ধাপে থানা থেকে বিভাগীয় শহর পর্যন্ত মোট মজুরির সুপারিশ করা হয়েছে ৬ হাজার ৮৬০ টাকা থেকে ৯ হাজার ৯০০ টাকা। এই ধাপের কর্মচারীরা হলেন সিনিয়র হিসাব সহকারী, স্টোরকিপার, টাইপিস্ট, ক্লার্ক ও ক্যাশিয়ার।

কর্মচারীদের মধ্যে দ্বিতীয় ধাপে হিসাব সহকারী ও সহকারী ক্লার্কদের জন্য ৫ হাজার ৭৪০ টাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় ধাপে দারোয়ান, চৌকিদার, নাইটগার্ড, মালি, সুইপারদের জন্য ৩ হাজার ৭১০ টাকা থেকে ৫ হাজার ৪০০ টাকা পর্যন্ত মজুরি সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষানবিশকালে (ছয় মাস) শ্রমিকদের জন্য মোট ৩ হাজার ৫০০ টাকা ও কর্মচারীদের জন্য ৩ হাজার ২০০ টাকা মজুরির সুপারিশ করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের বার্ষিক মজুরি বাড়বে মূল মজুরির ৫ শতাংশ।

খসড়া সুপারিশের বিষয়ে কারও কোনো আপত্তি বা সুপারিশ থাকলে প্রজ্ঞাপন জারির ১৪ দিনের মধ্যে রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের প্রধান কার্যালয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। সে হিসেবে ১৪ সেপ্টেম্বর আপত্তি জানানোর শেষ দিন। যদিও ঈদের আগে সরকারি অফিস বন্ধ হয়ে গেছে ৮ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বরও বন্ধই থাকবে। আপত্তি জানানোর সময় বৃদ্ধি বিষয়ে জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান মো. আলী হায়দার গতকাল শনিবার মুঠোফোনে বলেন, ‘আইন অনুযায়ী সে সুযোগ নেই।’