রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোতে যে ২৫ থেকে ৩০ হাজার শ্রমিক কাজ করেন, তাঁদের একজন মো. সেন্টু। এক যুগের বেশি সময় ধরে ট্যানারিতে কাজ করে তিনি পাঁচ সদস্যের পরিবার চালাচ্ছেন। তবে কয়েক দিনের মধ্যেই বেকার হতে হচ্ছে তাঁকে।
সেন্টু যে ট্যানারিটিতে কাজ করেন, সেটির নাম আবুল খায়ের ট্যানারি। এ ট্যানারিটি হাজারীবাগ থেকে যন্ত্রপাতি সরিয়ে সাভারে চামড়াশিল্প নগরে নিতে পারেনি। পরিবেশ অধিদপ্তর আগামী সপ্তাহে হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিলে আবুল খায়ের ট্যানারি বন্ধ হয়ে যাবে। সেন্টুর মতো অস্থায়ী শ্রমিকেরা যেহেতু কাজ না থাকলে মজুরি পান না, সেহেতু বেকার হওয়া ছাড়া গত্যন্তর নেই তাঁদের।
ট্যানারির মালিকেরা সেবা-সংযোগ কেটে দেওয়ার পরে কারখানা লে-অফ অথবা বন্ধ ঘোষণার পরিকল্পনা করছেন। তাঁদের বক্তব্য, উৎপাদন না হলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে। অন্যদিকে ট্যানারির শ্রমিকদের সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন বলছে, কারখানা লে-অফ অথবা বন্ধ ঘোষণা করা হলে তারা তা মানবে না।
পরিবেশদূষণ রোধে হাজারীবাগের ট্যানারিগুলো পরিবেশসম্মত শিল্প এলাকায় নিতে সাভারের হেমায়েতপুরে গড়ে তোলা হচ্ছে চামড়াশিল্প নগর। ১ হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ে ২০০৩ সাল থেকে এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এর পাশাপাশি চলছে হাজারীবাগ ছাড়ার সময় বৃদ্ধির সময়সীমা বেঁধে দেওয়া ও তা না মানার খেলা। হাজারীবাগে এখনো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ও অন্যান্য অবকাঠামো নির্মাণ শেষ করতে পারেনি। অন্যদিকে শিল্পনগরে জমি পাওয়া ১৫৪টি ট্যানারির সিংহভাগই সাভারে তাদের কারখানা সরিয়ে নিতে পারেনি। গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের হাজারীবাগ ছাড়ার সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ করে দেন। পরিবেশ অধিদপ্তর আগামী সপ্তাহে ট্যানারিগুলোর সেবা-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাতে পারে।
এ খবর জানিয়ে আবুল খায়ের ট্যানারির শ্রমিক সেন্টুর কাছে জানতে চাইলাম তিনি কী করবেন। জবাবে তিনি বলেন, ‘ওপরওয়ালা জানেন।’ সেন্টু ওই ট্যানারির একজন অস্থায়ী শ্রমিক, বেতন ৯ হাজার টাকা। পরিবারে মা, বাবা, স্ত্রী ও এক সন্তান আছে।
ট্যানারিতে কাজ করা শ্রমিকদের প্রায় ৬০ শতাংশ সেন্টুর মতো অস্থায়ী। যাঁদের স্থায়ী করা অথবা সাভারে যাওয়ার ক্ষেত্রে শ্রমিক হিসেবে তাঁদের স্বীকৃতি দিয়ে প্রত্যয়নপত্র দেওয়ার দাবি জানিয়ে আসছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ট্যানারিশিল্পে প্রায় ৪০ শতাংশ শ্রমিক এখন স্থায়ী। বাকিদের ২০ শতাংশকে স্থায়ী করতে মালিকেরা সম্মত হয়েছেন। অন্যদের পর্যায়ক্রমে স্থায়ী করা হবে। এ ছাড়া প্রত্যয়নপত্রও দেওয়া হবে।
আবুল কালাম আজাদ বলেন, ‘আমি মনে করি না মালিকেরা কারখানা লে-অফ ঘোষণা করে শ্রমিকদের বিপাকে ফেলবেন। আমরা তা মানব না। কারণ এখনকার সমস্যার জন্য শ্রমিকেরা দায়ী নন। এর জন্য দায়ী মালিক ও সরকার।’
তবে ট্যানারির মালিকদের দুই সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাস, বিদ্যুৎ-সংযোগ কেটে দিলে কারখানা এমনিতেই বন্ধ হয়ে যাবে। এরপর কারখানার মালিকেরা আলাদাভাবে আইনি প্রক্রিয়ায় কারখানা লে-অফ অথবা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, কারখানা চালাতে না পারলে মালিকেরা শ্রমিকের বেতন কীভাবে দেবেন। কারখানা এমনিতেই বন্ধ হয়ে যাবে। তবে কেউ যদি বেতন দিয়ে রাখতে পারেন, সেটা সেই মালিকের বিষয়।
হাজারীবাগে যে ট্যানারিগুলো কাজ করছে তার বেশির ভাগই ছোট ও মাঝারি। এদের বড় অংশ আবার ভাড়ায় চলে, স্থানীয় ভাষায় যাকে জবর বলে। ৫০ থেকে ৬০টি ট্যানারির বাইরে বাকিদের খুব শিগগির সাভার যাওয়া হচ্ছে না। ফলে প্রায় ১০০ ট্যানারি কবে স্থানান্তর হবে, কবে শ্রমিকেরা আবার কাজ শুরু করতে পারবেন তা-ও অনিশ্চিত।
শ্রম আইন অনুযায়ী কারখানা লে-অফ ঘোষণা করতে হলে বন্ধ থাকাকালে শ্রমিকদের মূল মজুরির অর্ধেক হারে ও বাড়িভাড়া ভাতার পুরোটা দিতে হবে। আর বন্ধ ঘোষণা করতে হলে প্রতিবছর চাকরির জন্য এক মাসের মূল মজুরি ও এক মাসের মজুরি ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। এ ছাড়া ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও পাওনা ছুটির অর্থ পরিশোধ করতে হবে।
এসব তথ্য জানিয়ে শ্রম আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শিল্প পরিবেশসম্মত হতে হবে। তবে তা শ্রমিকের রুটি-রুজির বিনিময়ে নয়। সাভারে নেওয়ার ক্ষেত্রে শ্রমিককে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।