আশুলিয়ায় সাম্প্রতিক শ্রম অসন্তোষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকনেতাকে আটক ও জিজ্ঞাসাবাদে উদ্বেগ জানিয়েছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। উত্তর আমেরিকার ক্রেতাদের এই জোট গত শুক্রবার এক বিবৃতিতে তাদের উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের আইন অনুসারে শ্রমিকদের সংগঠিত হওয়ার যে অধিকার আছে, সেটি অ্যালায়েন্স জোরালোভাবে সমর্থন করে। জোটের চুক্তি অনুযায়ী, পোশাকশ্রমিকেরা যেকোনো বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে অস্বীকৃতি জানাতে পারেন। সে জন্য জোটের সদস্য কারখানার শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারকে সমর্থন জানায় ও উৎসাহিত করে অ্যালায়েন্স।
২০১৮ সালের জুলাইয়ের মধ্যে অ্যালায়েন্স ৬০০-র বেশি পোশাক কারখানায় শ্রমিক সুরক্ষা কমিটি গঠন করবে। ইতিমধ্যে ১২ লাখ শ্রমিককে অগ্নিনিরাপত্তা-বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে অ্যালায়েন্স। এসব তথ্য উল্লেখ করে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, যখন অগ্রগতি হচ্ছে, তখন বাংলাদেশের শ্রম অধিকারকে সমর্থন করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। শ্রমিকনেতাদের যেকোনো অন্যায্য আটক বা জিজ্ঞাসাবাদ বরদাশত করা উচিত নয়। প্রশাসন ও শ্রমিকদের মধ্যকার দূরত্ব আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে নিরসনের আহ্বান জানায় জোটটি।
মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে গত ডিসেম্বরে আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করেন।