শ্রমিকনেতাদের গ্রেপ্তারে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় সাম্প্রতিক শ্রম অসন্তোষের ঘটনায় কয়েকজন শ্রমিকনেতাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া, শ্রমিক ছাঁটাই ও মামলা দায়ের করায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উদ্বেগ জানিয়ে গতকাল শনিবার বিবৃতি দিয়েছেন।
শ্রমিক নিরাপত্তা ফোরামের (এসএনএফ) সদস্যসচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে গ্রেপ্তারকৃত শ্রমিক সংগঠনের নেতাদের মুক্তি, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, মামলা প্রত্যাহার ও কারখানা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এ ছাড়া শ্রম আইন অনুসারে আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি বিবেচনা ও সমস্যা সমাধানের সুপারিশ করা হয়।
বিবৃতি দিয়েছেন এসএনএফের আহ্বায়ক হামিদা হোসেন, টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অ্যাকশনএইডের এ-দেশীয় পরিচালক ফারাহ কবির, নারীপক্ষের সভানেত্রী রেহানা সামদানি ও সদস্য শিরীন হক, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) ভারপ্রাপ্ত মহাসচিব জাফরুল হাসান, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক প্রমুখ।