>

মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে ৫৯ কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। শ্রমিকনেতারা আন্দোলনকে যৌক্তিক দাবি করলেও মালিকপক্ষ তা মানতে রাজি নয়। শ্রম আন্দোলন দমাতে চলছে মামলা ও গ্রেপ্তার। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার।
প্রথম আলো: সংবাদ সম্মেলন করে গত সপ্তাহে বিজিএমইএর নেতারা বলেছেন, শ্রমিকেরা বেআইনিভাবে কর্মবিরতি করেছেন। শ্রমিকদের দাবি অযৌক্তিক। একজন শ্রম বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামত কী?
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ: দাবি উত্থাপন করা কখনোই অযৌক্তিক হতে পারে না। বরং দাবি কতখানি মানা হবে বা কতখানি মানা হবে না, সেটি নিয়ে কোনো পক্ষ দর-কষাকষি করতে না চাইলে সেটি হয় অযৌক্তিক। শ্রমিকেরা সম্মিলিত হয়ে দাবি উত্থাপন করলে এবং সে বিষয়ে কর্ণপাত না করলে শান্তিপূর্ণ কর্মবিরতি কখনো বেআইনি হতে পারে না। বাংলাদেশে পেশাজীবীরা শান্তিপূর্ণ কর্মবিরতি করেন। চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও শান্তিপূর্ণ কর্মবিরতি করেন প্রায়ই। তাঁদের ক্ষেত্রে আইনি প্রশ্ন না উঠলেও শ্রমিকদের ক্ষেত্রে আসছে কেন? শ্রমিকেরা শান্তিপূর্ণ কর্মবিরতি করেছেন, কোনো ধরনের ভাঙচুর করেননি। এটি ফৌজদারি অপরাধ নয়। শ্রমিকদের আন্দোলনকে বেআইনি বলার কোনো সুযোগ নেই এই কারণে যে, ধর্মঘট একটি আইনি বিষয়। কর্মবিরতি ধর্মঘট প্রক্রিয়ার একটি অংশ। বলতে পারেন, পদ্ধতিটি মানা হয়নি। সেটি আলাদা ব্যাপার।
প্রথম আলো: শ্রম অসন্তোষের মুখে মালিকেরা ৫৯ কারখানা বন্ধ করে দিয়েছেন। এটি কতটা যৌক্তিক হয়েছে?
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ: মালিকেরা শ্রম আইনের ১৩(১)-এর দোহাই দিয়ে কারখানা বন্ধ করেছেন, সেটি বেআইনি। এই ধারাটির ব্যাখ্যা আলাদা। ধারাটিতে বলা হয়েছে, কোনো বিশেষ সেকশন বা বিভাগের শ্রমিকেরা যদি ধর্মঘট করে, যার জন্য কারখানা চালানো যাচ্ছে না, তাহলে বন্ধ করা যায়। তবে আশুলিয়ার কারখানার সব শ্রমিকই তো একসঙ্গে কর্মবিরতি করেছেন, কোনো সেকশন বা বিভাগ আলাদাভাবে করেনি। আবার মজুরি না দেওয়ার যে কথা বলেছে বিজিএমইএ, সেটিও বেআইনি। কারণ, ১৩(১) ধারায় বন্ধ করলে প্রথম তিন দিন মজুরি দিতে হবে। আসলে শিল্প থাকলেই অসন্তোষ হবে। কর্মবিরতি হবে ও শিল্পবিরোধ হবে, এটাই স্বাভাবিক। বরং শ্রমিক আন্দোলনকে গভীর সংকট হিসেবে আখ্যায়িত করে তা কঠোর হস্তে দমন করা ও বেতন দেওয়া হবে না, এমন হুমকি দিয়ে প্রকৃতপক্ষে সংকট তৈরি করা হচ্ছে।
প্রথম আলো: সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন থামাতে মামলা ও গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে। এটি কতটা আইনসম্মত হচ্ছে?
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ: দেশের সংবিধান অনুযায়ী বলপ্রয়োগের কোনো সুযোগ নেই। শ্রম আইনের দৃষ্টিতে যদি বলা হয় তাহলেও বলপ্রয়োগ করাটা বেআইনি। আন্দোলন অযৌক্তিক বা বেআইনি যা-ই হোক না কেন, মীমাংসার পথ খোলা থাকতে হবে। এটি আইনশৃঙ্খলার বিষয় নয়। রানা প্লাজা ধসের পর বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে দেশের শিল্পসম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছিল। আমরা সবাই আশাবাদী হয়েছিলাম। তবে এবারের ঘটনায় শিল্পসম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি খুবই দুঃখজনক।
প্রথম আলো: শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হয়েছে। এমন অজুহাতে আন্দোলন কঠোর হস্তে দমন করতে চায় বিজিএমইএ। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ: শ্রমিকদের অন্যায্য ও অন্যায়ভাবে কেউ যদি উসকানি দিয়ে থাকে, তাহলে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া দরকার। এখন প্রশ্নটা হচ্ছে, বিজিএমইএর কাছে সে রকম কোনো তথ্যপ্রমাণ আছে কি না? তথ্যপ্রমাণ থাকলে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সব শ্রমিককে দায়ী করে কারখানা বন্ধ ও বেতন না দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, সেটি বেআইনি।
প্রথম আলো: শ্রমিকেরা বলছেন, তিন বছর হয়ে গেছে, মজুরি বাড়াতে হয়েছে। সরকার ও মালিকপক্ষ বলছে, পাঁচ বছর আগে মজুরি বাড়ানোর সুযোগ নেই। আসলে কোনটা ঠিক?
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ: ২০১০ সালের পর ২০১৩ সালে নতুন করে মজুরি বোর্ড গঠন করে পুনর্নির্ধারণ করা হয়। এটি সরকারের অন্যতম সফল কাজের অংশ। শ্রম আইন অনুযায়ী, এক বছর পর ও তিন বছরের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের সুযোগ আছে। পাঁচ বছর পর পর মজুরি বোর্ড গঠিত হবে। তবে কোথাও বলা হয়নি, তার আগে করা যাবে না। শ্রম আইনের মূলনীতি হচ্ছে, শ্রম আইনে সুযোগ হচ্ছে সর্বনিম্ন। শাস্তি হচ্ছে সর্বোচ্চ। মানে হচ্ছে, আইনে যা আছে সব সময়ই তার চেয়ে বেশি করা যাবে। মালিকপক্ষ এখানে আইনের ভুল ব্যাখ্যা করছে। তা ছাড়া সরকারকে তো বিশেষ ক্ষমতা দেওয়াই হয়েছে, প্রয়োজন হলে যেকোনো সময় মজুরি বোর্ড গঠন করা যাবে।
নির্বাহী পরিচালক, বিলস