শিল্প দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড হওয়া প্রয়োজন। এই মানদণ্ডটি অবশ্যই ক্ষতিগ্রস্ত শ্রমিকের হারানো আয় অথবা ‘লস অব ইয়ার আর্নিং’য়ের ভিত্তিতে করতে হবে।
আজ রোববার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘শোভন, নিরাপদ কাজ ও যথাযথ ক্ষতিপূরণ শ্রমিকের মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এসব কথা বলেন। বক্তারা দেশের সব শিল্প-কারখানাকে শ্রম আইনের আওতায় আনার পাশাপাশি প্রত্যেক কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার দাবি জানান।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) যৌথভাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ। আর সঞ্চালনা করেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। উপস্থিত ছিলেন সাংসদ ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, মানবাধিকার কমিশনের পরিচালক ইসরাত হোসেন খান প্রমুখ।
বৈঠকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, শ্রমিকেরা যখন মনে করেন, তাঁর জীবনের কোনো মূল্য নেই, তখন তাঁর সামনে আর কোনো লক্ষ্য থাকে না। কাজের প্রতি তাঁর মমত্ববোধ থাকে না।
তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে মৃত্যু হলে শ্রমিকের ক্ষতিপূরণ তাঁর পুরো কর্মজীবনের আয়ের সমান হওয়া উচিত।
শ্রম আইনে শিল্প দুর্ঘটনায় শ্রমিকের ক্ষতিপূরণ নির্ধারণ করা আছে মাত্র এক লাখ টাকা। বর্তমানে এটি কেউ সমর্থন করে না বলে মন্তব্য করেন সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। তিনি বলেন, জাহাজভাঙাশিল্পের মালিকেরা নিজেরাই শ্রমিকের ক্ষতিপূরণ নির্ধারণ করেছেন পাঁচ লাখ টাকা। তবে সামগ্রিকভাবে ক্ষতিপূরণের একটি মানদণ্ড থাকা দরকার।
বিলসের অ্যাডভোকেসি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কর্মক্ষেত্রে ৫ হাজার ৩৩৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পঙ্গু হয়েছেন ১০ হাজার ৮৩০ জন শ্রমিক। চলতি বছরের প্রথম তিন মাসে ১২৮ জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক শ্রমিক।
আলোচনায় বক্তব্য দেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক রবিউল করিম খান, ডিআইএফইর উপমহাপরিদর্শক মাহফুজুর হক ভূঁইয়া, বিলসের যুগ্ম মহাসচিব ওয়াজেদ-উল ইসলাম খান, স্কপের যুগ্ম সমন্বয়কারী চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নাইমুল আহসান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।