শ্রমিকের ক্ষতিপূরণে জাতীয় মানদণ্ড করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ তাঁদের হারানো আয়, শারীরিক ও মানসিক যন্ত্রণা এবং পরিবারের সাধারণ ক্ষয়ক্ষতি হিসাব করে নির্ধারণ করতে হবে। এ ছাড়া শ্রমিকের ক্ষতির জন্য কে বা কারা দায়ী ও ক্ষতিপূরণ কে দেবে, সেটি সুস্পষ্ট করার পাশাপাশি পুরো বিষয়টি আইনের আওতায় আনতে হবে।

এই সব বিষয় সংযুক্ত করে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য একটি জাতীয় মানদণ্ড করার সুপারিশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমবিশেষজ্ঞরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সুপারিশ করেন তাঁরা। একই সঙ্গে তাঁরা দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, শ্রমিকদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, আহত শ্রমিকদের ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। আর তাতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ। সভা সঞ্চালনায় ছিলেন বিলসের যুগ্ম মহাসচিব ওয়াজেদুল ইসলাম খান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিলসের অ্যাডভোকেসি অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত আট বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৩৩৯ জন শ্রমিক। পঙ্গুত্ব বরণ করেছেন ১০ হাজার ৮৩০ জন শ্রমিক। তিনি বলেন, দ্রব্যমূল্যসহ সবকিছুর ব্যয় বাড়লেও শ্রমিকের ক্ষতিপূরণের পরিমাণ বাড়েনি। তিনি নিম্নতম ক্ষতিপূরণ ১৫ লাখ টাকা করার সুপারিশ করেন। পরে দু–তিনজন শ্রমিকনেতা এতে সমর্থন জানান।

প্রসঙ্গত, শ্রম আইন-২০০৬ অনুযায়ী কারখানার দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা পান। আর স্থায়ী অক্ষমতার জন্য ক্ষতিপূরণ ১ লাখ ২৫ হাজার টাকা।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, সময়ের পরিপ্রেক্ষিতে ১ লাখ টাকা ক্ষতিপূরণ অপ্রতুল। এটি পরিবর্তন হওয়া দরকার। তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণের জন্য একটি জাতীয় মানদণ্ড হওয়া উচিত। এ বিষয়ে আমি একমত। তবে ১ লাখ টাকা থেকে একলাফে ১৫ লাখ টাকা বাস্তবসম্মত চিন্তা হতে পারে না।’

বিলসের উপদেষ্টা রায় রমেশ চন্দ্র বলেন, ‘বড় কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের বিষয়টি সাময়িকভাবে সমাধান করা হচ্ছে। টেকসই সমাধানের দিকে আমরা যাচ্ছি না।’ তিনি বলেন, শ্রমিকের হারানো আয় হিসাব করার ক্ষেত্রে বাংলাদেশে মানুষের গড় আয়ু হিসাবে নিতে হবে।

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেন, শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ায় কারখানামালিক ও তাঁদের সংগঠন, সরকার ও বিদেশি ক্রেতাকে যুক্ত করতে হবে। কোন পক্ষ ক্ষতিপূরণের কত অংশ দেবে, সেটিও পরিষ্কার করা প্রয়োজন।

সমাজতান্ত্রিক শ্রমিক ফন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, অনেক ছোট কারখানার মালিকের পক্ষেই ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নেই। শ্রমিকের ক্ষতিপূরণ সুনির্দিষ্ট। তবে ক্ষতিপূরণ কে দেবে, সেটি নির্দিষ্ট না হলে কোনো দিনই ক্ষতিপূরণ আদায় হবে না। একটি তহবিল করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের সংখ্যা ৬ কোটি ৭০ লাখ। শ্রমিকদের মূল বেতনের মাত্র ১ শতাংশ সমপরিমাণ অর্থ মালিক সেই তহবিলে দেবেন। একই পরিমাণ অর্থ সরকারও দেবে। সেই তহবিল থেকে সহজেই শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এম এন আনিসুল আউয়াল, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, স্কপের যুগ্ম সমন্বয়কারী চৌধুরী আশিকুল আলম, ব্লাস্টের উপপরিচালক বরকত আলী, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো. নুরুল হক প্রমুখ।