শিল্পকারখানার দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা পাবেন, শ্রম আইনে এমনটা বলা থাকলেও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত পোশাকশ্রমিকদের জন্য আন্দোলন-সংগ্রাম করে বাড়তি অর্থ আদায় করতে সক্ষম হয় শ্রমিক সংগঠনগুলো। তবে সামগ্রিকভাবে ক্ষতিপূরণের আইনে কোনো ধরনের পরিবর্তন আসেনি।
সম্প্রতি শ্রম আইনের দুর্বলতার সুযোগ নিয়ে টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫ জন শ্রমিকের ক্ষতিপূরণের জন্য জনপ্রতি এক লাখ করে টাকা শ্রম আদালতে জমা দিয়েছে প্রতিষ্ঠানের মালিকপক্ষ। ওই দুর্ঘটনায় ৪২ জন শ্রমিক নিহত হন। এমন প্রেক্ষাপটে শিল্প দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণে একটি নির্দিষ্ট মানদণ্ডের দাবি করলেন বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা। তাঁদের বক্তব্য, শ্রমিকের জীবনের মূল্য কোনোভাবেই এক লাখ টাকা হতে পারে না।
রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে গতকাল রোববার ‘শোভন, নিরাপদ কাজ ও যথাযথ ক্ষতিপূরণ শ্রমিকের মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এ কথা বলেন।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
আলোচনায় অংশ নিয়ে কয়েকজন শ্রমিকনেতা বলেন, ক্ষতিপূরণের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারণ করে দেওয়া উচিত নয়। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার ব্যয় বাড়ে। টাকার মূল্যও কমে। তাই ক্ষতিপূরণের মানদণ্ডটি ক্ষতিগ্রস্ত শ্রমিকের হারানো আয়ের (লস অব আর্নিং) ভিত্তিতে করতে হবে। একজন শ্রমিক শিল্প দুর্ঘটনায় নিহত হওয়ার পরদিন থেকে যত দিন তিনি কর্মক্ষম থাকতেন, সেটি আমলে নিয়ে ক্ষতিপূরণের হার নির্ধারণ করতে হবে।
বিলসের অ্যাডভোকেসি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ২০০৮ থেকে গত বছর পর্যন্ত কর্মক্ষেত্রে ৫ হাজার ৩৩৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পঙ্গু হয়েছেন ১০ হাজার ৮৩০ জন শ্রমিক। চলতি বছরের প্রথম তিন মাসে ১২৮ জন শ্রমিক মারা গেছেন।
একাধিক শ্রমিকনেতা বলেন, সব শিল্পকারখানার আর্থিক সামর্থ্য সমান নয়। তাই অনেকের পক্ষেই বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। তাই কেন্দ্রীয়ভাবে একটি তহবিল করা যেতে পারে। ভিন্ন ভিন্নভাবে এসব প্রস্তাব দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের কামরুল আহসান ও ডিআইএফইর উপমহাপরিদর্শক মাহফুজুর রহমান ভূঁইয়া।
রাজেকুজ্জামান রতন বলেন, ‘প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে ছয় কোটি শ্রমিক আছেন। একটি তহবিলে তাঁরা প্রতিদিন এক টাকা করে জমা দিলে দৈনিক ছয় কোটি টাকা হবে। একই পরিমাণ টাকা মালিক ও সরকার দিতে পারে। তাহলে বছরে ২ হাজার শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব।’ অবশ্য সৈয়দ আহম্মদ তাঁর বক্তব্যে ক্ষতিপূরণের অর্থ শ্রমিকের কাছ থেকে নেওয়া যায় না বলে মন্তব্য করেন।
রানা প্লাজা ধসের পর ক্ষতিগ্রস্ত পোশাকশ্রমিকদের ক্ষতিপূরণের হার নির্ধারণে হাইকোর্টের আদেশে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠিত হয়। সেই কমিটি হাইকোর্টে প্রতিবেদন দিলেও এখনো সিদ্ধান্ত আসেনি। কমিটিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। গতকালের আলোচনায় তিনি বলেন, ‘কোর্টের বিষয়টি নিয়ে বিজিএমইএর সাংঘাতিক অ্যালার্জি আছে। অ্যালার্জির কারণ, কোর্ট যদি এটিকে রায় দিয়ে দেয় তাহলে পরবর্তীতে ক্ষতিপূরণের জন্য এটিকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারেন শ্রমিকনেতারা। সেইটা তারা কিছুতেই করতে দিতে চায় না। প্রথমত, তারা চেষ্টা করেছে, প্রতিবেদনটি যেন আদালতে জমা না হয়। তবে বিলম্বে হলেও প্রতিবেদন জমা পড়েছে।’
দেরিতে হলেও রায় আসবে বলে আশা প্রকাশ করেন এম এম আকাশ। তবে তিনি বলেন, ‘ক্ষতিপূরণ মানদণ্ড করা সহজ হবে না। কারণ এখানে ক্ষমতার দ্বন্দ্ব আছে।’
আলোচনায় একাধিক শ্রমিকনেতা দেশের সব শিল্প-কারখানাকে শ্রম আইনের আওতায় নিয়ে আসা, ট্রেড ইউনিয়ন গঠন, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে মালিকপক্ষকে বাধ্য করা, দুর্ঘটনা কমাতে কারখানা পরিদর্শনের জন্য ডিআইএফইকে শক্তিশালী করার ওপর জোর দেন।
লোকবলের অভাবে পরিদর্শন কার্যক্রম জোরদার করা যাচ্ছে না বলে মন্তব্য করেন ডিআইএফইর মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ। তিনি বলেন, ‘দেশে ৮০ লাখের মতো নিবন্ধিত কলকারখানা ও প্রতিষ্ঠান আছে। পরিদর্শক আছেন মাত্র ২০০। আমরা একটা হিসাব করেছি, এই জনবল দিয়ে সব কারখানা একবার পরিদর্শন করতেই ১৩৩ বছর লাগবে।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সাংসদ ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক রবিউল করিম খান, মানবাধিকার কমিশনের পরিচালক ইসরাত হোসেন খান, বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম খান ও যুগ্ম মহাসচিব ওয়াজেদ-উল ইসলাম খান, স্কপের যুগ্ম সমন্বয়কারী চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুযমায়ূন কবির, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।