শ্রমিকের প্রাণহানিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল মঙ্গলবার এই উদ্বেগের কথা জানান। রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ঘটনায় আমরা উদ্বিগ্ন।’মার্কিন রাষ্ট্রদূত বিইএফের নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তুলে ধরেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিইএফের সভাপতি ফজলুল হকসহ অন্যরা। তবে এ দুর্ঘটনায় এতজন শ্রমিকের প্রাণহানি এ দেশের তৈরি পোশাকশিল্পে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এখনই এই বিষয়ে বলার মতো সময় আসেনি।ড্যান মজীনা বলেন, ‘বৈঠকে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। জানতে চেয়েছি কীভাবে এত বড় দুর্ঘটনাটি ঘটল। সেই সঙ্গে কীভাবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। আলোচকেরা তাঁদের মতামত বা পরামর্শ তুলে ধরেছেন। অগ্নিকাণ্ডের ঘটনা রোধে অনেকেই প্রশিক্ষণ বাড়ানোর তাগিদ দিয়েছেন। আমি আশা করি, এসব পরামর্শ বা মতামত নিয়ে সমস্যা সমাধানের উপায় খুঁজতে সংলাপের আয়োজন করা হবে। সেই সঙ্গে সমস্যা সমাধানের পরামর্শগুলো বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’মজীনা আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং কর্মক্ষেত্রে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।বৈঠক শেষে বিইএফের সভাপতি বলেন, ‘শনিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। এ ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা বেশ উদ্বিগ্ন। টেলিফোনে তাঁরা আমাদের কাছে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন।’ফজলুল হক আরও বলেন, ‘তাজরীন ফ্যাশনসের ঘটনার পর আমরা মনে করছি, আমাদের আরও সচেতন হওয়া দরকার। আমরা দেখেছি, কারখানাটিতে অনেকগুলো অগ্নিনির্বাপণযন্ত্র ছিল। কিন্তু সেগুলোর কোনোটিই ব্যবহূত হয়নি। কেন ব্যবহূত হয়নি, তার উত্তরটাই এখন আমাদের খোঁজা উচিত। দুর্ঘটনা মোকাবিলায় ইতিমধ্যে আমরা যেসব আয়োজন করেছি, তার পরও আমার মনে হয়, এ ক্ষেত্রে আমাদের আরও কিছু কাজ করার আছে।’ বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক এই সভাপতি জানান, তাজরীনের ঘটনায় তাঁরা কিছুটা শঙ্কিত। কেননা, আন্তর্জাতিক বাজারে তাঁদের অবস্থান কিছুটা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘তাই আমরা যাঁরা মালিক আছি, তাঁরা নিজেদের দায়দায়িত্ব এড়িয়ে না গিয়ে কীভাবে এসব ঘটনাকে সঠিকভাবে মোকাবিলা করতে পারি, সে বিষয়ে আরেকটু সচেতন হওয়া উচিত।’নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর আলোচনা হওয়ার কথা ছিল পূর্বনির্ধারিত এই সভায়। কিন্তু শনিবার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও শ্রমিকের প্রাণহানিতে এটিই গতকালের মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। এমনকি আলোচনা শুরুর পরপরই আয়োজকেরা সাংবাদিকদের আলোচনাকক্ষ ত্যাগের অনুরোধ করেন। কারণ হিসেবে আয়োজকেরা জানান, রাষ্ট্রদূত গণমাধ্যমের অনুপস্থিতিতে কিছু বিষয়ে খোলামেলা আলোচনা করতে চান।