শ্রমিকের প্রাপ্য তাঁর কল্যাণে ব্যয় করা মানে তো বঞ্চনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ছয় মাসের মধ্যে সাভারে ভবনধসে এক হাজারের বেশি শ্রমিকের প্রাণহানি হলো। কেন এভাবে শ্রমিকের প্রাণহানি হচ্ছে?নাজমা আক্তার: পোশাক কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের প্রাণহানি হলে কিছু ক্ষতিপূরণ দিয়েই পার পাওয়া যাচ্ছে। তাজরীনের ঘটনার পরও ক্ষতিপূরণ দেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করা হলো। কারও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। এই শাস্তি না হওয়াই শ্রমিকদের জীবনকে এতটা তুচ্ছ ভাবতে উৎসাহী করেছে। তাজরীনের মালিক অগ্নিকাণ্ড ঘটিয়ে শ্রমিক হত্যা করেননি, কিন্তু ভবনের অবকাঠামো ও ব্যবস্থাপনাগত ত্রুটির জন্য তো তাঁর শাস্তি হওয়া উচিত ছিল। শ্রমিকের প্রতি শ্রদ্ধাবোধ না থাকা, শ্রমিকের জীবনকে মূল্যবান মনে না করার মধ্যেই সমস্যাটা লুকিয়ে আছে। রানা প্লাজায় ব্র্যাক ব্যাংক তার কর্মকর্তা-কর্মচারীদের জীবনকে ঝুঁকিতে ফেলতে চায়নি বলেই ফাটল ধরা পড়ার পর ওই ভবনের শাখা বন্ধ করে দিল, কর্মচারীদের ডেকে এনে কাজ করাল না। ব্যাংকের কর্মকর্তা-কমর্চারীরা সবাই বেতন-ভাতা পান। আর তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা পান মজুরি। কারখানা ও ভবনমালিকেরা তাই শ্রমিকদের হেয় দৃষ্টিতে দেখেছেন। বেতনভোগী আর মজুরিভোগীর মধ্যে বৈষম্য করা হয়েছে। শ্রমিকদের জীবন দিতে হয়েছে।প্রথম আলো: ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় ও প্রাণহানি এড়াতে কী কী করা উচিত বলে মনে করেন?নাজমা আক্তার: আগেই বলেছি, শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী কারখানামালিকসহ সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যখন প্রাণহানির জন্য শাস্তি দাবি করা হয়, গ্রেপ্তার দাবি করা হয়; তখন সরকারের দিক থেকে বলা হয় যে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে যথাযথ বিচার হবে। সেই তদন্ত ঠিকমতো হয় না, প্রমাণও পাওয়া যায় না, বিচার-শাস্তি কিছুই হয় না। তবু এবার ভবন ও কারখানামালিকদের সরকার দ্রুত আটক করেছে। এ জন্য আমরা সরকারকে অভিনন্দন জানাই। সরকারের একজন মন্ত্রী বলেছেন, সাভারের ঘটনা নাকি বড় কিছু নয়, সামান্য। আমার প্রশ্ন, এক হাজার ১২৭ জন মানুষের প্রাণহানি যদি বড় ঘটনা না হয়, তাহলে এই দেশে বড় ঘটনা কোনটি। মন্ত্রীরা এভাবে কথা বললে কীভাবে সঠিক বিচার ও শাস্তি হবে।প্রথম আলো: তাহলে আপনি কি বলতে চাইছেন, সরকার তথা রাজনীতিবিদদের এসব বিষয়ে আরও দায়িত্ববান হতে?নাজমা আক্তার: দায়িত্ববান তো হতে হবেই। আপনি দেখেন, আমাদের জাতীয় সংসদ তো সাধারণ মানুষের সংসদ নয়, মালিকশ্রেণীর সংসদ। এখানে অন্তত ২৯ জন তৈরি পোশাকশিল্পমালিক সংসদ সদস্য হিসেবে আছেন। তাঁদের বাইরে অনেক রাজনীতিবিদ আছেন, যাঁরা তৈরি পোশাক কারখানার মালিক। তাহলে শ্রমিকের সমস্যা, বঞ্চনা কতটা গুরুত্ব পাবে তাঁদের কাছে? আবার তাঁরা এলাকায় স্কুল-মাদ্রাসা করে, দান-খয়রাত করে সিএসআর করছেন। কিন্তু তাঁরাই আবার শ্রমিকদের বঞ্চিত করছেন।প্রথম আলো: এত শ্রমিকের প্রাণহানিতে বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের ঝড় উঠেছে। ক্রেতাদের ওপর চাপ তৈরি হয়েছে শ্রমিকের কর্মপরিবেশ ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে, অর্থসহায়তা দিতে। এর কতটা সুফল পাওয়া যাবে?নাজমা আক্তার: বিদেশি ক্রেতারাও তো শেষ বিচারে সস্তা শ্রমের কারণেই বাংলাদেশে আসে। কারখানার কমপ্লায়েন্স ও কর্মপরিবেশ নিয়ে তারা যতটা বলে, ততটা কাজ করে না। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে পড়ে কিছু একটা করতে চাইছে। একইভাবে আমাদের সরকার ও মালিকেরা বাইরের চাপে পড়লে সক্রিয় হন। এই যে জিএসপি বাতিল করবে বলে যুক্তরাষ্ট্র হুমকি দেওয়ার পরই সবাই তটস্থ হয়ে পড়েছেন। অথচ নিজ থেকেই তো তাঁদের কর্মপরিবেশের উন্নয়ন ঘটানো উচিত। বাংলাদেশে অনেক পোশাক কারখানায় উন্নতমানের কাজের পরিবেশ আছে; শ্রমিকদের ঠিকমতো মজুরি দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসাসেবা ও খাওয়া—এসব দেওয়া হয়। এসব কারখানার মালিকেরা তো সবাই বাইরের চাপে এগুলো করেননি। তাঁরা তো শ্রমিকদের কল্যাণের কথা ভেবেছেন, শিল্পের কথা ভেবেছেন।প্রথম আলো: পোশাকশিল্পশ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। শ্রম আইনেও সংশোধন আনা হয়েছে মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণে বিতরণের জন্য। এগুলোকে কীভাবে দেখছেন?নাজমা আক্তার: মজুরি বাড়ানোটা সময়ের দাবি। আমরা চাই, যত দ্রুত এই বোর্ড গঠন করা হোক। আর সরকার যে বলেছে ১ মে থেকে নতুন মজুরি কার্যকর হবে, অবশ্যই যেন সেটা সঠিকভাবে বাস্তবায়িত হয়। কিন্তু মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণে বিতরণের বিধানটা আসলে শুভংকরের ফাঁকি। ১৯৬৫ সালের আইন অনুযায়ী মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন করার কথা। শ্রমিক কল্যাণে যদি শ্রমিকের প্রাপ্য অর্থই ব্যয় করা হয়, তাহলে তো এটা বঞ্চনা হলো। শ্রমিক কল্যাণে শ্রমিকের প্রাপ্য নিট মুনাফার এই ৫ শতাংশের বাইরে আলাদাভাবে অর্থ দিয়ে তহবিল গড়তে হবে।[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]