শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শ্রম আইন মেনে বড় প্রতিষ্ঠানগুলো যদি তাদের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করে, তাহলে দেশের কোনো শ্রমিক অসহায় থাকবেন না। শ্রম মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবার এবং আহত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকদের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মিঞা আবদুল্লাহ মামুন, শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এ এম এম আনিসুল আউয়াল প্রমুখ। গতকালের অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহত, আহত ও অসুস্থ ৫৮ জন শ্রমিক এবং তাঁদের স্বজনদের ২ লাখ ৮০ হাজার টাকার চেক দেওয়া হয়। তহবিল থেকে গত তিন বছরে সহায়তা পেয়েছেন ১ হাজার ৪১৫ শ্রমিক ও তাঁদের পরিবার। বিজ্ঞপ্তি