সাভারের রানা প্লাজা ধসের পর সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়নের সুযোগ থাকলেও ইউনিয়ন করতে গিয়ে পোশাকশিল্পের শ্রমিকেরা মারধরসহ নানা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অনেকে চাকরিচ্যুতও হচ্ছেন। এই নির্যাতন করছেন মালিকদের পক্ষে কারখানার ব্যবস্থাপক, সুপারভাইজার অথবা তাঁদের ভাড়াটে মাস্তানেরা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংস্থাটির পক্ষে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ‘মাথা তুলে দাঁড়ায় যারা, ভোগান্তির শিকার সবচেয়ে বেশি তারাই: বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক অধিকার’ শীর্ষক প্রতিবেদনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন সংস্থাটির এশীয় অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন। এ সময় আরও বক্তব্য দেন সলিডারিটি সেন্টারের এ দেশীয় পরিচালক অ্যালনজো সুসন ও শ্রমিকনেতা বাবুল আখতার।
বাংলাদেশের ৪৪টি পোশাক কারখানার ১৬০ জন শ্রমিক, মালিকসহ এ খাতে সংশ্লিষ্ট আরও ৪০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদনটি করা হয়।
ফিল রবার্টসন বলেন, সরকার শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করছে না। শ্রমিকেরাও মনে করেন, শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করেও তাঁরা বিচার পাবেন না।
প্রতিবেদনে নির্যাতনের বেশ কিছু উদাহরণ দিয়ে বলা হয়, গাজীপুরের একটি কারখানার একজন ইউনিয়ন নেতা জানান, তাঁরা যখন গত বছর ইউনিয়ন গঠনের উদ্যোগ নেন, তখন তাঁদের নির্মমভাবে মারধর এবং অসংখ্য শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। তিনি জানান, অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তাঁকে মারধর করা হয়, রাতে কাজ করতে বাধ্য করা হয় এবং শেষ পর্যন্ত বকেয়া পাওনা না দিয়েই চাকরিচ্যুত করা হয়। ওই নারী জানান, প্রথমে তাঁকে চেয়ারম্যানের কক্ষে ও এরপর অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় কিছু গুন্ডা তাঁকে মারধর করে।
সংবাদ সম্মেলনে ফিল রবার্টসন বলেন, এ ধরনের ঘটনা একটার পর একটা ঘটছে।
প্রতিবেদনে জানানো হয়, ট্রেড ইউনিয়ন করা ঠেকাতে বাইরের মাস্তান ভাড়া করেও মারধর করা হয়। নারীশ্রমিকদের অশ্লীল গালাগাল করা হয়। এমন আচরণ করা হয়, যা যৌন হয়রানির শামিল। শ্রমিকদের বাসাবাড়িতে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে।
সংস্থাটি বলছে, শ্রমিক ইউনিয়নের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হলেও এখন পর্যন্ত ১০ ভাগের কম কারখানায় ইউনিয়ন আছে। যেসব কারখানায় ট্রেড ইউনিয়ন বাড়ছে, সেখানে হয়রানিও বাড়ছে।
যে ৪৪টি কারখানার শ্রমিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এগুলোর কোনোটিতেই ঠিক সময়ে বেতন দেওয়া হয় না বলে উল্লেখ করা হয়।
রানা প্লাজা ধস ও তাজরীন দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকেরা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন, এখন পর্যন্ত যে ক্ষতিপূরণ তাঁরা পেয়েছেন তা যথেষ্ট নয়। একটি স্বাধীন কমিশন হিসাব করে দেখেছে যে রানা প্লাজার ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক ও নিহত ব্যক্তিদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ৩০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। কিন্তু গত মার্চ মাস পর্যন্ত মাত্র ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনে শ্রমিক নির্যাতনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ বেশ কিছু সুপারিশ করা হয়।
বিজিএমইএর সহসভাপতি শহিদ উল্লাহ আজিম প্রথম আলোেক বলেন, ট্রেড ইউনিয়ন করতে হলে এখন মালিকের অনুমতি নিতে হয় না। সে কারণে শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করলে তা মালিকেরা জানতেই পারেন না। তাহলে মারধরের ঘটনা আসবে কোত্থেকে? সঠিক সময়ে বেতন না দেওয়ার অভিযোগও সত্য নয়।