শ্রীপুরে দিনব্যাপী আয়কর ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে কর প্রদান সহজতর ও করদাতাদের উৎসাহিত করতে দিনব্যাপী আয়কর ক্যাম্প-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর আদায়সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। ক্যাম্প থেকে ৫০০ ব্যক্তিকে সেবা দেওয়া হয়েছে।

সহকারী কর কমিশনার ও গাজীপুর কর অঞ্চল ৬-এর কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, নাগরিকদের কর প্রদানে উৎসাহ দিতে জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ক্যাম্প করা হচ্ছে। গাজীপুরে মোট ৮টি ক্যাম্প করা হবে। এই প্রক্রিয়ার প্রথম ক্যাম্পটি শ্রীপুরের কেওয়া তমির উদ্দিন মাদ্রাসায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো। এখানে দিনব্যাপী ক্যাম্পে মোট ১০০ জন কর দিয়েছেন। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ৩০ জন। পুরো ক্যাম্পে ৫০০ জনের বেশি মানুষ সেবা নিয়েছেন।

নাজমুল ইসলাম জানান, কর অফিসে সেবা নিতে অনেক করদাতা নিরুৎসাহিত হন। তাই তাঁদের কর সংগ্রহের জন্য ওয়ান স্টপ সার্ভিস খোলা হয়েছে। এতে একজন করদাতা অত্যন্ত সহজ ও সময় সাশ্রয় করে তাঁর নির্ধারিত কর দিতে পারবেন। তা ছাড়া ১ অক্টোবর থেকে জেলার কর অঞ্চলগুলোর কিছু কিছু অফিস উপজেলায় স্থানান্তর করা হবে। সে ক্ষেত্রে সরকার কর দাতাদের কাছ থেকে আরও বেশি কর আদায় করতে পারবে।