শ্রীমঙ্গলে ঈদবাজার জমে উঠেছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সরেজমিনে দেখা গেছে, এবারে মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় ছবি ও টিভি সিরিয়ালের নামে আসা পোশাক। ছেলেরা পছন্দ করছে জিনস প্যান্টের সঙ্গে স্কিনি গেঞ্জি, থাইল্যান্ড ও চায়নার ন্যারো জিনস এবং পাগলু ওয়ান, পাগলু টু নামের শার্ট।শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলা সুপার মার্কেট, মিদাদ শপিং সিটি, সুফিয়া কমপ্লেক্স, মিতালী ম্যানশন, নিউ মার্কেট, ফসিউর রহমান মার্কেট, খাতুন ম্যানশন, এলাহি প্লাজা এবং পুরান বাজারে শাড়ি, তৈরি পোশাক, জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাবেচা চলে।হকার্স মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে মেয়েদের থ্রিপিস ৪০০ থেকে এক হাজার ২০০ টাকা, অভিজাত বিপণিবিতানগুলোতে এক হাজার থেকে ১২ হাজার টাকা এবং শাড়ি দুই হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান।তবে এ বছর তৈরি পোশাকের দাম খুব বেশি হওয়ায় অনেক ক্রেতাই হিমশিম খাচ্ছেন বলে জানান। সে জন্য নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন কম দামের মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে। এসব দোকানেও গভীর রাত পর্যন্ত কেনাবেচা হয়।