শ্রীমঙ্গলে ১০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত হচ্ছে পাঁচ তারকা হোটেল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ডিসেম্বরে চালু হচ্ছে একটি পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট। বিলাসবহুল এ হোটেলের নাম গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ কোর্স।এক্সার্শন অ্যান্ড রিসোর্ট বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক মানের এই হোটেল ও রিসোর্টটি নির্মাণ করছে।উদ্যোক্তারা জানান, ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এ হোটেল। এটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া দেশের পর্যটনশিল্পের বিকাশে এ রিসোর্ট উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তাঁরা আশা করছেন।শ্রীমঙ্গল পৌর শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশে রাধানগর পাহাড়ে চা-বাগান ও বনাঞ্চলে শোভিত মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে এ রিসোর্টটি গড়ে তোলা হচ্ছে। এটাই শ্রীমঙ্গলে পর্যটন খাতে বেসরকারি উদ্যোগে সবচেয়ে বড় বিনিয়োগ।উদ্যোক্তারা আরও জানান, প্রায় ১৪ একর জমির ওপর রিসোর্টটি নির্মিত হচ্ছে। ছয় তলাবিশিষ্ট এ হোটেলে ২০টি প্রেসিডেন্সিয়াল স্যুটসহ ১৬৭টি অত্যাধুনিক কক্ষ থাকবে। এর পাশেই গড়ে তোলা হচ্ছে চারতলা সার্ভিস বিল্ডিং। রিসোর্টটিতে থাকবে তিনটি রেস্তোরাঁ, তিনটি সম্মেলন কক্ষ, বল রুম ও মিনি থিয়েটার হল। এ ছাড়া থাকছে ১৫০ ফুট দীর্ঘ সুইমিং পুল, ৩৫০ ফুট দীর্ঘ কৃত্রিম হ্রদ, নাইন হোল গলফ কোর্স, এক্সার্শন অ্যান্ড রিসোর্ট বাংলাদেশের চেয়ারম্যান খাজা টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর হ্রদ, হাইল হাওর ও বাইক্কাবিলসহ প্রকৃতি এই অঞ্চলকে সাজিয়েছে অপরূপ সাজে। এখানে রয়েছে মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা, সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তার বিচিত্র সংস্কৃতি। এসব বিষয় মাথায় রেখেই আমরা ১০০ কোটি টাকা বিনিয়োগে বিলাসবহুল হোটেল ও রিসোর্টটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।’হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান এবং পরিচালন পরিচালক এ কে এম শাহজাহান প্রথম আলোকে জানান, হোটেলের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সশস্ত্র আনসার বাহিনীও নিয়োজিত থাকবে। এখানে একটি পুলিশ ফাঁড়ির জন্যও আবেদন করা হবে।