শ্রীমঙ্গলে ১১ ডিসেম্বর থেকে ইয়ুথ লিডারশিপ বুটক্যাম্প

জাতীয় পর্যায়ের ইয়ুথ লিডারশিপ বুটক্যাম্প-২০১৫ আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) কর্তৃক পরিচালিত নেতৃত্ব উন্নয়ন বিষয়ে চার দিনব্যাপী এ বুটক্যাম্প অনুষ্ঠিত হবে সিলেটের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি রিসোর্টে। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত ১০২ জন শিক্ষার্থী অংশ নেবে এ বুটক্যাম্পে।
সংবাদ সম্মেলনে বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা সভাপতি ইজাজ আহমেদ, প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান, মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা কেলভিন হায়েস বক্তব্য দেন।
বুটক্যাম্পের গোল্ড পৃষ্ঠপোষক মার্কিন দূতাবাস ও শেভরন। সিলভার পৃষ্ঠপোষক প্যারাগন গ্রুপ ও প্রথম আলো। ইন্ডাস্ট্রি অংশীদার সামিট গ্রুপ, ব্র্যাক ও সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়।