শ্রীলঙ্কাকে ৪২ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে আইএমএফ
শ্রীলঙ্কাকে ৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত সোমবার এই ঋণ অনুমোদন করা হয়।আইএমএফ ব্যাপক বাণিজ্য ঘাটতির পরিপ্রেক্ষিতে সরকারি কোষাগার শক্তিশালী করার আশাবাদে শ্রীলঙ্কাকে এ ঋণ দেবে। গত বছর শ্রীলঙ্কার বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার, যা পরিমাণ বা আকারের দিক থেকে শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-পঞ্চমাংশের সমান। খবর এএফপির।আইএমএফ মনে করে, ২০১১ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত ছিল। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংস্কার ও সরকারের বাজেট-প্রক্রিয়ার উন্নয়ন সাধনের জন্য ২১৩ কোটি ডলারের ঋণ দিয়েছে আইএমএফ। বাণিজ্য ঘাটতির কারণে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ ব্যাপক হারে কমে গেছে। বাণিজ্য ঘাটতি অর্থায়ন ও ঋণ পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে ব্যাপক হারে ঋণ নিতে হচ্ছে। এভাবে শ্রীলঙ্কা ঋণের দুষ্টচক্রে আটকে যাচ্ছে বলে বিশ্লেষকেরা সতর্ক করে দিয়েছেন।