শ্রীলঙ্কায় চাল রপ্তানির প্রস্তাব অনুমোদন
এত দিন সুগন্ধি চাল রপ্তানি করলেও এবার সিদ্ধ চাল রপ্তানিকারক দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কায় ৫০ হাজার টন সিদ্ধ চাল রপ্তানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, অর্থসচিব মাহবুব আহমেদ ও পরিকল্পনা কমিশনের সদস্য শফিকুল আজম উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কা আমাদের বন্ধুপ্রতিম দেশ। পরীক্ষামূলকভাবে দেশটিতে চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই রপ্তানির ফলে দেশে চালের কোনো সংকট হবে কি না বা চালের বাজারে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো সমস্যা হবে না। দেশে বর্তমানে ১১ লাখ টন চালের মজুদ আছে।’
আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় রেখে উভয় দেশ মিলে এই চালের দাম ঠিক করবে বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে চালের উৎপাদন ও সরকারি গুদামে মজুদ পর্যালোচনা করে খাদ্য অধিদপ্তর ৫০ হাজার থেকে এক লাখ টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি করার ব্যাপারে মত দেয়।
বাংলাদেশ থেকে সিদ্ধ চাল আমদানির প্রথম প্রস্তাব দেয় বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কা হাইকমিশন। সরকার থেকে সরকার পর্যায়ে কলম্বো বন্দরের মাধ্যমে এ চাল নিতে চায় দেশটি।
বাংলাদেশ তো চাল আমদানিকারক দেশ, তাহলে রপ্তানি করবে কীভাবে, এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রিপরিষদ সচিব। মোশাররাফ হোসাইন ভূইঞা নিজের শরীরে থাকা জামার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এই শার্টের কাপড় আমরা বিদেশ থেকে আমদানি করি। শার্ট তৈরি করে আবার রপ্তানি করি। এ রকমও তো আছে।’
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক প্রমুখ।