শ্রীলঙ্কায় চীনের নির্মিত বন্দর আজ চালু হচ্ছে

অবশেষে ৫০ কোটি ডলার ব্যয়ে চীনের নির্মিত সমুদ্রবন্দর আজ সোমবার শ্রীলঙ্কার কলম্বোতে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। কলম্বো ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনাল (সিআইসিটি) নামের এই সমুদ্রবন্দরটি ভারত মহাসাগরের পূর্ব-পশ্চিম নৌপথের মাঝামাঝি অবস্থানে পড়েছে। এই বন্দরটিতে সিঙ্গাপুর ও দুবাইর মতো সুযোগ-সুবিধা রাখা হয়েছে। চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না মার্চেন্ট হোল্ডিং এই বন্দরের ৮৫ শতাংশ মালিকানা রাখছে। এই প্রতিষ্ঠানই বন্দরটি নির্মাণ করেছে। পরিচালনার দায়িত্বেও থাকছে এরা। এখানে অনেক বড় সমুদ্রগামী জাহাজ পণ্য খালাস ও বোঝাই করতে পারবে। এই বন্দরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সমুদ্রসীমায় চীনের উপস্থিতি আরও জোরদার হলো। একই সঙ্গে এই অঞ্চলের সম্প্রসারণশীল বাণিজ্য থেকে নিজেদের লাভ তুলে নেওয়ার সুযোগও তৈরি হলো। এর আগে গত বছর জুন মাসে চালু হওয়া দক্ষিণ শ্রীলঙ্কার হামবানটোটা গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন ৪৫ কোটি ডলার ঋণ সুবিধা ও কারিগরি সহায়তা দিয়েছে। বর্তমানে পাকিস্তানের গোয়াদারে একটি নৌবন্দর নির্মাণের কাজ করছে চীন। আর নেপালের লারচা শহরে এক কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে স্থল বন্দর নির্মাণের কাজ করছে। এটি তিব্বত সীমান্তের কাছাকাছি। কলম্বোর এই বন্দর নির্মাণে চীনের সক্রিয়তা দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারতের জন্য কিছুটা উদ্বেগ তৈরি করেছে। নয়াদিল্লি মনে করে, এর ফলে প্রতিবেশী দেশটির ওপর বেইজিংয়ের প্রভাব বেড়ে যাবে।
তবে শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রিয়াথ বন্ধু বিক্রামা বলেছেন, এই বন্দর চীনকে কোনো ধরনের সামরিক ঘাঁটি পরিচালনা করতে বা কৌশলগত সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না।
বিক্রামা আর বলেন, আগে পূর্ব উপকূলের ভারতীয় ব্যবসায়ীরা বড় বড় জাহাজ ধরার জন্য সিঙ্গাপুরে কনটেইনারবাহী জাহাজ পাঠাত। এখন আর তা না করে এই বন্দর দিয়ে বড় জাহাজে কনটেইনার তুলে দিতে পারবে। তাতে তিন-চার দিন সময় সাশ্রয় হবে। সূত্র: এএফপি।