শ্রীলঙ্কায় যাচ্ছে নওগাঁর চাল
খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁ থেকে ৬ হাজার ৫০০ মেট্রিক টন উন্নতমানের আমন চাল শ্রীলঙ্কায় রপ্তানি করা হচ্ছে। সরকারিভাবে শ্রীলঙ্কায় যে ৫০ হাজার টন চাল রপ্তানি করার চুক্তি হয়েছে, তারই অংশ হিসেবে যাচ্ছে নওগাঁর এই চাল।
নওগাঁর ২২টি অটোমেটিক রাইস মিল বা স্বয়ংক্রিয় চালকল ইতিমধ্যে উন্নতমানের আমন চাল প্রস্তুত করেছে। এরই মধ্যে এসব চাল খাদ্য অধিদপ্তরের চট্টগ্রামের হালিশহরের সেন্ট্রাল সাপ্লাই ডিপোতে (সিএসডি) পাঠানো শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে সব চাল পাঠানো শেষ হবে বলে স্থানীয় খাদ্য দপ্তর সূত্রে গেছে।
জেলা খাদ্য দপ্তরের কর্মকর্তারা বলছেন, নওগাঁ থেকে এই প্রথম কোনো দেশে চাল রপ্তানি করা হচ্ছে। সে কারণে শ্রীলঙ্কায় রপ্তানির জন্য আমন চাল প্রস্তুত করার সময় চালের সঠিক দানা, গুণগত মানসহ যাবতীয় মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আশা করা হচ্ছে, শ্রীলঙ্কায় বাংলাদেশের চাল পৌঁছালে চাল রপ্তানি নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ফলে ভবিষ্যতে নওগাঁ থেকে শ্রীলঙ্কা ছাড়াও অন্যান্য দেশে চাল রপ্তানির সুযোগ তৈরি হবে। এতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উন্নতমানের চালের বাজার সৃষ্টি হবে বলে তাঁরা আশা করেন।
নওগাঁ সদর, মহাদেবপুর ও মাতাজীহাট এলএসডি কার্যালয় সূত্রে জানা যায়, শ্রীলঙ্কায় রপ্তানির জন্য সদর উপজেলার ১০টি, মহাদেবপুর উপজেলার ১১টি ও পত্নীতলা উপজেলার একটি অটো রাইস মিলকে দিয়ে সাড়ে ৬ হাজার মেট্রিক টন চাল প্রস্তুত করা হয়েছে।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রথম পর্যায়ের ২৫ হাজার টন চালের পুরোটাই সরবরাহ করা হবে নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার অটোমেটিক রাইস মিলগুলো থেকে।