বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় শ্রীলঙ্কার আদালতে মামলা হয়েছে। দেশটির অপরাধ তদন্ত বিভাগ অর্থ পাচারের অভিযোগে এ মামলা দায়ের করে। শ্রীলঙ্কার ম্যাজিস্ট্রেট আদালতে গত বুধবার এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলার সঙ্গে সম্পৃক্ত বিশ্লেষণমূলক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ২ কোটি ডলার গিয়েছিল শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থার (এনজিও) নামে। কিন্তু নামের বানান ভুলের কারণে সেই অর্থ ব্যাংক ব্যবস্থায় আটক করা হয়। বিষয়টি শ্রীলঙ্কায় তদন্তাধীন থাকার ধারাবাহিকতায় মামলা হয়েছে।
এদিকে রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফায়ারআইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তদন্তে উল্লেখযোগ্য সাফল্য না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় তদন্তকাজের জন্য ফায়ারআইকে যে অর্থ দিতে হচ্ছে, সেটিকেও ব্যয়বহুল মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরি যাওয়ার পর ফায়ারআইকে ফরেনসিক তদন্তের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, পুরো তদন্ত সম্পন্ন করার জন্য ফায়ারআই আরও ৫৭০ ঘণ্টা সময় চেয়েছে। প্রতি ঘণ্টা ৪০০ ডলার হিসাবে ইতিমধ্যে তাদের ২ লাখ ৮০ হাজার ডলার বা ২ কোটি ২৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা আরেক কর্মকর্তা জানান, ফায়ারআইয়ের তদন্ত থেকে কী ফলাফল বেরিয়ে আসবে, সে বিষয়ে পরিচালনা পর্ষদ নিশ্চিত নয়। এদিকে এক বিবৃতিতে ফায়ারআই জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পরও এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সব রকমের সহায়তা দেওয়া হবে।
এদিকে রয়টার্সের প্রতিবেদন ধরে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক জামালউদ্দিন আহমেদ বলেন, গত মাসের পর্ষদ সভায় ফায়ারআই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। চুক্তি অনুযায়ী এরপর তাদের আর কোনো কাজ নেই।
বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে রিজার্ভ চুরির কারণ সম্পর্কে বলা হয়েছে, হ্যাকাররা প্রথমে ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। এরপর আর্থিক লেনদেনে ব্যবহৃত গোপন বার্তাগুলো চুরি করা হয়। সবশেষে ম্যালওয়্যারযুক্ত সফটওয়্যার ব্যবহার করে যেসব কম্পিউটারে অর্থের লেনদেন হয়, সেগুলোর তথ্য চুরি করে রিজার্ভ চুরির ঘটনা ঘটানো হয়। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে অর্থ সরিয়ে নেওয়া হয় ফিলিপাইন ও শ্রীলঙ্কায়।