শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডিসিসিআইয়ের
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা গ্রহণ করে এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।শ্রীলঙ্কার সফররত সিলন চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধিদল গত রোববার ডিসিসিআইতে সাক্ষাত্ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সিরাজউদ্দিন মালিক, পরিচালক আসিফ ইব্রাহিম, এম এস সেকিল চৌধুরী, এম এ বাতেন, মো. ইয়াদ আলী ফকির, মাহবুব আনাম ও মো. সিরাজুল ইসলাম, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আশরাফ ইবনে নূর, সাবেক সহসভাপতি আবসার করিম চৌধুরী, সাবেক পরিচালক আবদুল আজিজ সরকার ও মুক্তার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার উপ-হাইকমিশনার এইচ এম টি ডি হেরাত, সফররত প্রতিনিধিদলের নেতা এম তোফায়েল সালি, দয়া সামেন্দ্র পন্ডিথা, টি ইয়াতিগামানা, ভিরাবাহু ইসওয়ারান, বি জে জয়াসিংহে, ওয়াসাত্না মানথ্রিপালা, পুভি ডমিংগোপিল্লাই প্রমুখ উপস্থিত ছিলেন। আবুল কাসেম খান শ্রীলঙ্কাকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার আখ্যায়িত করে বলেন, উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, ঐতিহাসিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তথাপি বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আশানুরূপ নয়। সে জন্য তিনি শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।এইচ এম টি ডি হেরাত ঢাকা-কলম্বো রুটে সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে জোর দেন। এম তোফায়েল সালি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য শ্রীলঙ্কায় বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে তিনি সিলন চেম্বারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।