শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বিনিয়োগে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগ করতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শ্রীলঙ্কার কলম্বোয় গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা অর্থনৈতিক সুযোগ ও সংশ্লিষ্টতা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাণিজ্যমন্ত্রী বলেছেন, এসইজেডে বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা সুযোগটি নিতে পারেন। তাঁরা চাইলে বাংলাদেশে এসে বাস্তব অবস্থাটা দেখতে পারেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। অনেক দেশের ব্যবসায়ীরা ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) ৫ম সভায় যোগ দিতে গত ৭ নভেম্বর কলম্বো যান বাণিজ্যমন্ত্রী। আজ বুধবার দুই দিনের এ সভা শেষ হবে।