শ্রীলঙ্কার সঙ্গে পিটিএ করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) পরিবর্তে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) দিকে এগোচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ব্যতিক্রম ছাড়া প্রায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধার ব্যাপার থাকে এফটিএর ক্ষেত্রে। পিটিএর ক্ষেত্রে তা থাকে শুধু বাছাই করা পণ্যের ক্ষেত্রে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ কার্যদলের দুই দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ও শ্রীলঙ্কার বাণিজ্য ও শিল্পসচিব আনুরা শ্রীওয়াডেন যৌথভাবে মঙ্গলবার বৈঠকের উদ্বোধন করেন।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে পিটিএর ব্যাপারে মাত্র একটি বৈঠক হলো। বলা যেতে পারে, প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চুক্তির আগে আমরাও সমীক্ষা করব, তারাও করবে।’
বৈঠকে উভয় দেশই অগ্রাধিকারমূলক পণ্য তালিকা উপস্থাপন করেছে। বাংলাদেশের তালিকায় রয়েছে আলু, ওষুধ, পাটের বস্তা, সিমেন্ট, ফুটওয়্যার, ইলেট্রনিকস পণ্য, নির্মাণসামগ্রী, প্লাস্টিক পণ্য ইত্যাদি। আর শ্রীলঙ্কার তালিকায় আছে বস্ত্র, খনিজ পণ্য, রাসায়নিক পণ্য, প্লাস্টিক, রবার, সবজি ইত্যাদি।