শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য বাড়াতে যৌথ উপদল হবে
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নৌযোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুটি উপদল (সাব গ্রুপ) গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বাণিজ্য জোরদারের লক্ষ্যে দুই দেশে শুল্ক হ্রাসের প্রক্রিয়া দ্রুততর করার পাশাপাশি সাফটার মতো বহুপক্ষীয় কাঠামোর আওতায় অশুল্ক বাধা দূর এবং সংবেদনশীল পণ্যের তালিকা কমানোরও সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার কলম্বোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও করুণাতিলোকা আমানুগামা যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ ও শ্রীলঙ্কার পররাষ্ট্রসচিবদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এক দেশের পণ্য অন্য দেশে প্রবেশের লক্ষ্যে কোন পণ্যগুলোকে চিহ্নিত করা যায়, তার মাধ্যমে দুই দেশ রূপরেখা বাণিজ্য কাঠামোর বিষয়ে আলোচনা শুরু করবে। চূড়ান্তভাবে এ আলোচনার লক্ষ্য হলো দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্যের পথ সুগম করা। এরই অংশ হিসেবে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য-সংক্রান্ত উপদল কাজ শুরু করবে। বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুই দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো হবে। এ লক্ষ্যে শ্রীলঙ্কার একটি প্রতিনিধিদল খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ সফরের সময় শ্রীলঙ্কার প্রতিনিধিদলটি পণ্য পরিবহনের সুবিধা, বন্দর ব্যবহারের শুল্ক ছাড়ের সুবিধা, উপকূলীয় জাহাজ চলাচলসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।শ্রীলঙ্কার আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকারি পর্যায়ে বাংলাদেশ থেকে ওষুধ পাঠানোর লক্ষ্যে খুব দ্রুত জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।