শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য বাড়ানোর তাগিদ
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা গতকাল বুধবার সাক্ষাৎ করেছেন।ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বাংলাদেশের শিক্ষা, সামাজিক সেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, কৃষিজাত পণ্য, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি খাতে শ্রীলঙ্কান সরকারকে সহযোগিতা দেওয়ার প্রস্তাব করেন। তিনি সার্কভুক্ত ও বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে শ্রীলঙ্কার মানবসম্পদ উন্নয়নে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত এস কে ওয়েরাগোদা শ্রীলঙ্কায় বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর জন্য ডিসিসিআইয়ের সভাপতিকে আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারে আয়োজিত এ বৈঠকে ডিসিসিআইয়ের সহসভাপতি নাসির হোসেন, পরিচালক হোসেন এ শিকদার, এম বশির উল্লাহ ভূঁইয়া, খাইরুল মজিদ মাহমুদ, কে এম এন মনজুরুল হক, মো. নাসিরউদ্দিন খান, কে জি করিম এবং আবসার করিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।