শ্রীলঙ্কার সঙ্গে বিনিয়োগ উন্নয়ন চুক্তি হয়েছে
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বি-পক্ষীয় পুঁজি বিনিয়োগ ও উন্নয়ন চুক্তি সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী আলোচনা গতকাল সফলভাবে শেষ হয়েছে।গত সোমবার শিল্প মন্ত্রণালয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে এ বিষয়ে আলোচনা শুরু হয়। গতকাল দুই দেশের প্রতিনিধিদল একটি কার্যবিবরণীতে স্বাক্ষর করে।আলোচনায় বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জ্ঞানেনদ্র নাথ বিশ্বাস এবং বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার শরত কুমারা ইরেগোদা নেতৃত্ব দেন। এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আফরোজা খান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এম হারুন আল রশিদ, বিনিয়োগ বোর্ডের উপপরিচালক মো. আরিফুল হক এবং শ্রীলঙ্কা প্রতিনিধিদলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা তুশান্তা বিজেমানা, বিনিয়োগ বোর্ডের পরিচালক চাম্পিকা মালালগোডা এবং উপপরিচালক প্রিয়াংকা ইলেগোদা অন্তর্ভুক্ত ছিলেন।