শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে
মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই করতে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ৯ নভেম্বর রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাণিজ্যমন্ত্রী ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত জেইসির সভায় ছয় মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়ীসহ মোট ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেইসি সভার সিদ্ধান্তের কার্যবিবরণীতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন।
এফটিএ সইয়ের ফলে দুই দেশের ব্যবসায়িক বাধা দূর হবে এবং উভয় দেশের বাণিজ্যে নতুন যুগের সূচনা হবে। চুক্তির পর বাংলাদেশ তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট, কাগজসহ বিভিন্ন পণ্য শ্রীলঙ্কায় রপ্তানি করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শ্রীলঙ্কার সঙ্গে প্রায় ৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে বাংলাদেশের। গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে আমদানি করেছে ৪ কোটি ৫০ লাখ ডলারের পণ্য। একই সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য।