শ্রীলঙ্কায় সুদের হার কমানোর উদ্যোগ গ্রহণ
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগামী মাসের মধ্যে ঋণের সুদের হার কমানোর আহ্বান জানিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গৃহঋণের সুদের হার কমিয়ে ১৪ শতাংশ করা হবে। বর্তমানে এ ঋণের সুদের হার ১৬ থেকে ১৮ শতাংশ।ক্রেডিট কার্ড ঋণের সুদের হার বর্তমানে ২৬ থেকে ২৮ শতাংশের মধ্যে রয়েছে, যা কমিয়ে ২৪ শতাংশে আনা হবে। এ ছাড়া অন্য সব ঋণের সুদের হার এক থেকে দুই শতাংশ পয়েন্ট পর্যন্ত কমানো হবে।তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সমাপ্তির পর শ্রীলঙ্কা এ বছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আট শতাংশ হবে বলে প্রত্যাশা করছে।প্রবৃদ্ধি বাড়ানোর জন্য জুন মাসে সরকার আমদানি শুল্ক হ্রাস করার ঘোষণা দেয়। বিশ্লেষকেরা বলেছেন, সরকারের ২০১১ সালের বাজেটে এ ধরনের শুল্ক আরও হ্রাস করা হতে পারে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পার্লামেন্টে বাজেট পেশ করা হবে।গত বছর মে মাসে তিন দশকব্যাপী বিচ্ছিন্নতাবাদী লড়াই শেষ হওয়ার পর দেশটি শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখার মাধ্যমে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর নীতি গ্রহণ করেছে। সূত্র: বাসস/এএফপি।