বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোর প্রধান সমস্যা শ্রেণীকৃত ঋণ। ব্যাংকিং খাতের প্রায় ৬৬ হাজার কোটি টাকার খেলাপি ঋণের মধ্যে চারটি বাণিজ্যিক ব্যাংকেই রয়েছে ৩৪ শতাংশ। এটা খুবই উদ্বেগের বিষয়।
তবে রূপালী ব্যাংক সবে ভালো করতে শুরু করেছে বলে জানান গভর্নর। তিনি বলেন, ব্যাংকটি লোকসানি শাখা ১৫০ থেকে কমিয়ে ৮০টিতে নামিয়ে এনেছে। কিন্তু ব্যাংকটির ৩০ ভাগ ঋণ যদি শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে যায়, সেটা পরিচর্যার মাধ্যমে উন্নতি করতে হবে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শনিবার রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান বলেন, ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে, কিন্তু ঋণ দিতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।
রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, ‘কোনো ক্ষেত্রে ভুল হয়েছে, আবার কোনো ক্ষেত্রে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েছেন। যেহেতু সমস্যা আমরা করেছি, সুতরাং সমাধানও আমাদেরই করতে হবে।’
রূপালী ব্যাংকের ব্যাংকের এমডি মো. আতাউর রহমান প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।