ব্যাংক খাতে ঋণ নিয়ে নানা ধরনের অনিয়মের তথ্য উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণ, শ্রেণীকরণ, খারাপ মানের ঋণকে ভালো দেখানো, সুদ হিসাব, মওকুফ, আদায়, পুনঃ তফসিল—সব ক্ষেত্রেই বিভিন্ন ব্যাংকে বড় অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এ বিষয়ে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেছেন, কিছু ব্যাংকে ঋণ শ্রেণীকরণ সঠিকভাবে হচ্ছে না, এর প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, ‘এসব অনিয়মের অভিযোগের সত্যতা বাংলাদেশ ব্যাংক পেয়েছে। তাতে হয়তো ব্যাংকগুলো যে মুনাফা দেখায়, তা-ও সঠিক নয়। ফলে আমরা এ বিষয়ে কঠোর হব, এ কথা ব্যাংকগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক প্রমাণ পেয়েছে কয়েকটি ব্যাংকে খেলাপি ঋণ থাকার পরও কোনো কোনো গ্রাহককে নতুনভাবে ঋণসুবিধা দেওয়া হয়েছে। আবার খেলাপি ঋণের তথ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদকে জানানোর পরও কিছু খেলাপির ক্ষেত্রে তা আমলে নেয়নি পর্ষদ, যা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭ কক(৩) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।আইনের এই ধারায় বলা হয়েছে, ‘কোনো খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে কোনো ব্যাংক-কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান কোনোরূপ ঋণসুবিধা প্রদান করিবে না।’বাংলাদেশ ব্যাংক সূত্রগুলো বলছে, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক-কোম্পানি তার পরিশোধিত মূলধনের ১৫ শতাংশের বেশি ঋণ দিতে পারে না। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রমাণ পেয়েছে এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিছু গ্রাহককে কোনো কোনো ব্যাংক ঋণ দিয়েছে।আবার নিয়ম অনুসারে কোনো গ্রাহককে ঋণ দেওয়ার আগে তার সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্যভান্ডার (সিআইবি) থেকে ছাড়পত্র বা সিআইবি ক্লিয়ারেন্স নেওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সূত্রগুলো বলছে, কোনো কোনো ব্যাংক কিছু ঋণের ক্ষেত্রে এই বিধি পালন করেনি। বিশেষত খেলাপি ঋণ থাকার পরও ঋণের পরিমাণ বৃদ্ধির প্রবণতা ভালোভাবেই দেখতে পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনে সুনির্দিষ্টভাবে বিধিবিধান উল্লেখ করা আছে। কিন্তু দেখা গেছে, এসব বিধিবিধানের তোয়াক্কা করছে না কয়েকটি ব্যাংক। মুনাফা বেশি দেখাতে কোনো কোনো ব্যাংক অনেক ঋণ শ্রেণীকরণ না করেই ভালো মানের দেখিয়ে যাচ্ছে। তাতে খেলাপি ঋণ কম হচ্ছে। খেলাপি না দেখানোতে এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে প্রভিশন (নিরাপত্তা) করতে হচ্ছে না। নিয়মিত ঋণের মতো ১ বা ২ শতাংশ হারে প্রভিশন করতে হচ্ছে। কিন্তু মন্দ পর্যায়ে খেলাপি হলে তার বিপরীতে ১০০ ভাগ প্রভিশন করতে হতো। তাতে ব্যাংকের প্রকৃত মুনাফা কমে আসত অনেক। ব্যাংকার্স বৈঠকের জন্য তৈরি ‘ব্যাংকসমূহে পরিচালিত পরিদর্শনে উদ্ঘাটিত গুরুতর অনিয়মের সারসংক্ষেপ’-এ বলা হয়েছে, ঋণ হিসাবের বিপরীতে প্রকৃতপক্ষে আদায় না হওয়া সত্ত্বেও আদায় হিসাব দেখিয়ে মুনাফা স্ফীত করা হয়েছে। মূল ঋণ মওকুফ করা হয়েছে।আরও বলা হয়েছে, বিভিন্ন ঋণ হিসাব যথাযথ মানে শ্রেণীকরণ করা হচ্ছে না। এমনকি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ না করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক শ্রেণীকৃত করা ঋণকে বিশ্রেণীকৃত করা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। যথাযথ হারে এককালীন জমা (ডাউন পেমেন্ট) না নিয়েই বিভিন্ন ঋণ হিসাব পুনঃ তফসিল করা হচ্ছে।এই প্রতিবেদনে বিরূপ শ্রেণীকরণ এড়ানোর লক্ষ্যে ঋণ বা বিনিয়োগ হিসাবের মেয়াদ বাড়ানোর আরও বড় অভিযোগ আনা হয়েছে। এমনকি নতুন ঋণ বিতরণ করে পুরোনো ঋণ সমন্বয়েরও প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।প্রতিবেদনে বলা হয়েছে, উন্মুক্ত পণ্য বন্ধকি (হাইপোথিকেশন) বিশেষত এলটিআরের ক্ষেত্রে পণ্য তদারকি, ঋণ বা বিনিয়োগ বিতরণ ইত্যাদি যথাযথ বা আদৌ না হওয়ায় ভিন্ন খাতে অর্থ স্থানান্তরের ঝুঁকি বাড়ছে। প্রশ্নের জবাবে নজরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক চাপ, কি চাপ না, এটা আমাদের বিবেচ্য নয়। আমরা বলেছি, নিয়ম-নীতির মধ্যে থেকে পেশাদারির সঙ্গে কাজ করতে হবে।’