শ্রেষ্ঠ গভর্নরের স্বীকৃতিতে কেন্দ্রীয় ব্যাংকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বতন্ত্র বেতনের আর দরকার নেই। গভর্নর স্যার যে সম্মান বয়ে এনেছেন তাতেই আমরা খুশি। স্বতন্ত্র বেতনকাঠামো লাগবে না আর আমাদের।’ কারও দাবি, ‘এ মুহূর্তে গভর্নরই শ্রেষ্ঠ বাঙালি।’ কেউ কেউ কবিতা থেকে উদ্ধৃত করে বলেন, ‘এ মণিহার শুধু তোমায় সাজে।’ আর কেউ রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে উদ্ধৃত করে বলেন, ‘তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।’
এভাবেই গতকাল বৃহস্পতিবার বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংবর্ধিত করলেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সব বিভাগের মহাব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ‘সেন্ট্রাল ব্যাংক গভর্নর ফর এশিয়া’ হিসেবে স্বীকৃতি দেয় ইমার্জিং মার্কেটস নামের লন্ডনভিত্তিক একটি সাময়িকী। ২০১৫ সালের জন্য গভর্নরকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তির পর দেশে ফিরে গতকালই তিনি কাজে যোগ দেন। আর এদিনই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরকে সংবর্ধনা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেন।
সেখানে বক্তব্যে কেউ কেউ বলেছেন, ‘গভর্নর বাংলাদেশ ব্যাংককে যে উচ্চতায় নিয়ে গেছেন, তাতে ভবিষ্যৎ গভর্নরদের জন্য এ উচ্চতা ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ।’
সহকর্মীদের বক্তব্যের পর বক্তব্য দিতে গিয়ে গভর্নর বলেন, ‘আপনাদের এমন ভালোবাসায় আমি বিব্রত।’
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বক্তব্য পর্ব শুরুর আগে কর্মকর্তাদের পক্ষ থেকে গভর্নরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে গভর্নর তাঁর বক্তব্যে বলেন, ব্যক্তিগত কোনো অর্জনের জন্য এ পুরস্কার দেওয়া হয়নি। এ স্বীকৃতি বাংলাদেশ ব্যাংকের সবার সম্মিলিত কাজের জন্য।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমি, প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, ডেপুটি গভর্নর আবুল কাসেম, নাজনীন সুলতানা, আবু হেনা মো. রাজি হাসান, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, নওশাদ আলী চৌধুরী প্রমুখ।