শ্লথ হয়ে পড়েছে চীনের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়া, আমদানি নিম্নমুখী হওয়া ও শিল্প উৎপাদনে প্রবৃদ্ধি পাঁচ মাস ধরে এক অঙ্কের ঘরে নেমে আসার মধ্য দিয়ে চীনের অর্থনীতি শ্লথ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আগস্ট মাসে চীনের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ২ দশমিক ৭০ শতাংশ হারে বেড়েছে। মূলত পশ্চিমা বিশ্বে চাহিদা সংকুচিত হওয়ার প্রভাবে এ অবস্থা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে।একই সময়ে বহির্বিশ্ব থেকে চীনের আমদানিও আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬০ শতাংশ কমে গেছে। এটিকে অভ্যন্তরীণ ভোগব্যয় কমে যাওয়ার প্রভাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় তেমন বাড়ছে না। আবার আগস্ট মাসে চীনের শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানা গেছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত থেকে জানা যায়, ২০১১ সালের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্ট মাসে শিল্প উৎপাদন বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ হারে।ইউরোপ ও আমেরিকার রপ্তানি কমে যাওয়ার প্রভাবে শিল্প উৎপাদনের গতিময়তা কমে গেছে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। টানা পাঁচ মাস ধরে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধির হার ১০ শতাংশের নিচে রয়েছে।শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ায় বছরের দ্বিতীয়ার্ধে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।তবে অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক দুর্বল হয়ে পড়ার তথ্য প্রকাশিত হওয়ায় নতুনভাবে প্রত্যাশা দেখা দিয়েছে যে, চীন সরকার অর্থনীতিকে চাঙা করতে কিছু পদক্ষেপ নেবে। বিশেষ করে উদ্দীপনামূলক কর্মসূচি গ্রহণ করার বিষয়টি জোরেশোরে আলোচনা হচ্ছে।